মান্দায় অভ্যন্তরীন বোরো মৌসুমে ধান চাল সংগ্রহে অভিযানের উদ্বোধন

প্রতিবেদক: ডেইলি সিটিজেন ভয়েস

নওগাঁর মান্দা উপজেলায় উৎসবমুখর পরিবেশে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সরকার নির্ধারিত মূল্যে এবার প্রতি মণ ধান ১ হাজার ৪৪০ টাকা এবং প্রতি মণ চাল ১ হাজার ৯৬০ টাকা দরে কেনা হচ্ছে। এতে কৃষকদের মাঝে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টায় উপজেলার প্রসাদপুর খাদ্য গুদাম (এলএসডি) প্রাঙ্গণে ফিতা কেটে সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা: ইকরামুল বারী টিপু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, কৃষকরা কোনো ধরনের হয়রানি ছাড়াই অ্যাপসের মাধ্যমে ধান বিক্রি করতে পারবেন। স্বচ্ছতা ও সহজ প্রক্রিয়ার মাধ্যমে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ নিশ্চিত করা হবে বলেও জানানো হয়।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে মান্দা উপজেলায় মোট ২ হাজার ৭১ মেট্রিক টন ধান, ২৬৭ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ২০৯ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার নির্ধারিত প্রতি কেজি ধানের মূল্য ৩৬ টাকা হিসেবে প্রতি মণ ধানের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৪০ টাকা। এছাড়া প্রতি কেজি চাল ৪৯ টাকা হিসেবে প্রতি মণ চালের মূল্য ধরা হয়েছে ১ হাজার ৯৬০ টাকা। একইভাবে প্রতি কেজি গমের মূল্য ৩৬ টাকা হিসেবে প্রতি মণ গমের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৪০ টাকা।

উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ জানিয়েছে, আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ সংগ্রহ কার্যক্রম অব্যাহত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোছা. সাবরিন মোস্তারী, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম, প্রসাদপুর খাদ্য গুদামের পরিদর্শক মো. ইমরান হোসেন, মান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মখলেসুর রহমান মকে,মিল মালিক সমিতির মান্দা উপজেলা শাখার সভাপতি মো. ফরহাদ হোসেন চকদার, সাধারণ সম্পাদক সামছুল আলম হেলালসহ খাদ্য বিভাগের কর্মকর্তা, মিল মালিক ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice