শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

বিরোধী দলের ওয়াকআউট করার অধিকার রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
  • বুধবার, ১ এপ্রিল, ২০২৬
Share Now

সংসদীয় সংস্কৃতিতে বিরোধী দলের ওয়াকআউট করার অধিকার রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, গণভোটের সংস্কার ও সংবিধান পরিষদ গঠন নিয়ে বিরোধী দলীয় নেতার দাবিটি সঠিক নয়।

বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, বিধি মোতাবেক মুলতবি প্রস্তাবের ওপর আলোচনা শেষে ভোটাভুটির কোনো সুযোগ নেই, তাই সরকারের সিদ্ধান্ত না পাওয়ার অজুহাতে ওয়াকআউট করা কেবল ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ ছাড়া আর কিছুই নয়। বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ওয়াকআউটের ঘোষণা দিলে তার পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, যে কথাগুলো রেকর্ডেড হয়ে গেল তার বিপরীতে আমাদের বক্তব্যটাও রেকর্ড থাকা ভালো। বিরোধী দলের উত্থাপিত মুলতবি প্রস্তাবটি নিয়ে ডেপুটি স্পিকারের উপস্থিতিতেই আমি আপত্তি জানিয়েছিলাম। ৬৮ বিধি অনুযায়ী এটি হতে পারত, কিন্তু যে বিষয়টি আইন প্রণয়নের মাধ্যমে নিষ্পত্তি হতে পারে, রুলস অব প্রসিজিউর অনুযায়ী সেরকম কোনো বিষয় মুলতবি প্রস্তাবে আলোচনার বিধান নেই।

তিনি আরও বলেন, স্পিকার হাউসের অভিভাবক হিসেবে জাতীয় গুরুত্ব বিবেচনা করে আলোচনার জন্য ২ ঘণ্টা সময় দিয়েছেন। পক্ষে-বিপক্ষে আলোচনা হয়েছে। কিন্তু পার্লামেন্টের প্র্যাকটিস হচ্ছে, আলোচনার পর এটি ‘টক আউট’ হিসেবে গণ্য হয়। এখানে ভোটাভুটি দেওয়ার কোনো বিধান নেই। শুধু প্রস্তাবটি উত্থাপিত হবে কি হবে না, তার ওপর ভোটাভুটির বিধান আছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রিটিশ পার্লামেন্টের নজির অনুসারে বিরোধী দল যখন সরকারি কাজে বাধা দিতে চায় বা ট্রেজারি বেঞ্চের আলোচনা যাতে এগিয়ে না যায়, তখন তারা মুলতবি প্রস্তাব তোলে। এরপর সেটি গৃহীত হবে কি হবে না, তা সম্পূর্ণ স্পিকারের এখতিয়ার অথবা ভোটাভুটির বিষয়।

বিরোধী দলের নেতার বক্তব্যের সমালোচনা করে সালাহউদ্দিন আহমেদ বলেন, উনি যা বলেছেন তা অসত্য। আজকে একজন বেসরকারি সদস্যও মুলতবি প্রস্তাব উত্থাপন করতে পারেন। একই বিষয়ে যেহেতু বিরোধী দলের নেতার প্রস্তাব গ্রহণ করা হয়েছে, তাই বেসরকারি সদস্য হিসেবে তিনিও সেটা দাবি করতে পারেন।

বক্তব্যের শেষে তিনি পুনরায় উল্লেখ করেন যে, সংসদীয় সংস্কৃতিতে বিরোধী দলের বেরিয়ে যাওয়ার অধিকার থাকলেও আলোচনার পর বিধি অনুযায়ী ভোটাভুটির কোনো সুযোগ সংসদীয় কার্যপ্রণালি বিধিতে নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category