বঙ্গোপসাগরে আটকা পড়া ১৫ জেলে উদ্ধার

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে চারদিন ধরে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলারসহ ১৫ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। বুধবার (১ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নিয়মিত টহল কার্যক্রম পরিচালনাকালে গত ৩১ মার্চ বিকেলে সেন্টমার্টিন লাইট হাউস থেকে প্রায় ৬ নটিক্যাল মাইল পশ্চিমে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করা হয়।

আইএসপিআর জানায়, গত ২৭ মার্চ ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে গেলে জেলেরা দিকভ্রান্ত হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকেন। একপর্যায়ে তাদের খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দেয়, ফলে তারা চরম দুর্ভোগে পড়েন। নৌবাহিনীর টহল দলটি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আরোহীসহ ট্রলারটি উদ্ধার করে নৌবাহিনী ফরোয়ার্ড বেইজ সেন্টমার্টিনে নিয়ে যায়। সেখানে তাদের প্রয়োজনীয় খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

উদ্ধারকৃত জেলেরা বর্তমানে সুস্থ ও নিরাপদ অবস্থানে রয়েছেন। আজ তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ নৌবাহিনী সমুদ্রসীমার সুরক্ষা ও সমুদ্র সুশাসন বজায় রাখতে সমুদ্রে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে। দেশের সমুদ্রসীমায় নিরাপত্তা নিশ্চিত করা, জেলেদের জীবন ও জীবিকা সুরক্ষা এবং ব্লু-ইকোনমির বিকাশে নৌবাহিনী নিয়মিত টহলসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice