জনগণের হয়ে কাজ করলেই স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে মূল্যায়ন: এমপি মিলন

আগামী স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন পেতে হলে ত্যাগ ও জনসম্পৃক্ততার রাজনীতি করতে হবে বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এবং বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। রোববার (২২ মার্চ) বিকেলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোহনপুরে বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি মিলন বলেন, “নির্বাচনে মনোনয়ন পেতে কাউকে খুশি করার জন্য ভালো-মন্দ খাওয়ানো বা দামি উপহার দেওয়ার দিন শেষ। এখন সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের সমস্যা শুনতে হবে এবং সমাধানে কাজ করতে হবে।”
তিনি বলেন, “এলাকায় না থেকে, মানুষের বিপদে পাশে না থেকে কেউ যদি মনোনয়ন আশা করেন, তাহলে সেই স্বপ্ন ভুলে যেতে হবে। আগামী কুরবানির ঈদেই বোঝা যাবে, কে এলাকায় কতটা কাজ করেছেন তার ভিত্তিতেই দলীয় ভাবে মনোনয়ন দেওয়া হবে।”
এ সময় তিনি ইউনিয়ন পর্যায়ে ৯০ দিনের কর্মসূচি গ্রহণের কথাও জানান। তিনি বলেন, “এলাকাভিত্তিক সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রতি শুক্রবার ও শনিবার এসব কার্যক্রম পরিচালিত হবে। আমরা যেসব ইউনিয়নে যাব, সেখানে স্থানীয় নেতা-কর্মী ও মুরব্বিদের সঙ্গে নিয়ে তাদের পরামর্শ অনুযায়ী কাজ করা হবে।” তিনি আরও জানান, প্রতিটি ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করে মহিলা দলকে সক্রিয় করা হবে।
মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।
ধুরইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, এদিন বিসিকে নিজ কার্যালয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত পবা-মোহনপুরসহ বিশিষ্টজন, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ও দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এমপি শফিকুল হক মিলন।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice