ট্রেনের ৯ কোচ লাইনচ্যুত, আহত ৬৬

ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি কোচ লাইনচ্যুতের ঘটনায় ৬৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। লাইনচ্যুত হওয়ার ঘটনায় কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৮ আগস্ট) সংবাদ মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে ট্রেনটি ঢাকা থেকে চিলাহাটির উদ্দেশে ছেড়ে যায়। সকাল ৬টা ৪৫ মিনিটে যাত্রা শুরুর পর সান্তাহার (২৮৩ কিমি) স্টেশন অতিক্রম করে তিলকপুর স্টেশনের দিকে যাওয়ার সময় বগুড়া জেলার আদমদিঘি উপজেলার বাগমারি এলাকায় (২৮৬ কিমি) পৌঁছালে ৯টি কোচ লাইনচ্যুত (ডিরেইলড) হয়।

দুর্ঘটনায় মোট ৬৬ জন আহত হয়েছেন। এর মধ্যে নওগাঁ সদর হাসপাতালে ২০ জন চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে ৪০ জনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং আরও ৬ জনকে বগুড়া আদমদিঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

দুর্ঘটনার প্রাক্কালে প্রকৌশল বিভাগের লোকজন ব্যানার ফ্ল্যাগ প্রদর্শন এবং কশান মেসেজ দিয়ে রেল চেঞ্জের কাজ করছিলেন। স্টেশন থেকেও কশান অর্ডার দেওয়া হয়েছিল। তবে লোকোমাস্টার সেই নির্দেশনা অনুসরণ না করায় ডিরেইলমেন্টের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় প্রধান পরিবহন কর্মকর্তার নেতৃত্বে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন— যন্ত্র প্রকৌশলী, প্রধান প্রকৌশলী ও প্রধান সংকেত প্রকৌশলী।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice