রাজশাহীতে পৃথক দুটি অভিযানে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১১ লাখ ৬৩ হাজার ৯৬০ টাকা ও একটি মোবাইল ফোনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ মাদকবিরোধী দল ও কাটাখালী থানা পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) আরএমপির গণমাধ্যম শাখার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. আবুল কালাম আজাদ (৪৮) ও মো. মানিক ইসলাম (৪৮)।
পুলিশ জানায়, গত ২১ অক্টোবর রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে আরএমপির বিশেষ মাদকবিরোধী দল ও কাটাখালী থানা পুলিশের সহযোগিতায় কাটাখালী থানার ওসির নেতৃত্বে এমদাদপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৩ হাজার ২১০ টাকা উদ্ধার করা হয়।
পরে একই দিন রাত আনুমানিক ১টা ২৫ মিনিটে কাটাখালী থানার পুলিশের একটি দল এমদাদপুর গ্রামে মানিক ইসলামের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির টয়লেটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি ব্যাগ থেকে ৩ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক বিক্রির নগদ ১১ লাখ ৬৩ হাজার ৯৬০ টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আরএমপি জানায়, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। আবুল কালাম আজাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, অস্ত্র ও অন্যান্য আইনে একাধিক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও আটটি মাদক মামলা থাকার তথ্যও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
