শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

ভোট বিক্রি নয়, পরিবর্তনের জন্য দাড়িপাল্লায় ভোট দিন: বুলবুল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
  • মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
ভোট বিক্রি নয়, পরিবর্তনের জন্য দাড়িপাল্লায় ভোট দিন: বুলবুল
Share Now

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী নূরুল ইসলাম বুলবুল বলেছেন, লুঙ্গি বা কাপড়ের বিনিময়ে ভোট বিক্রি করা যাবে না। ভোট একটি আমানত। সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্ব গড়তে দাড়িপাল্লায় ভোট দিতে হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে অনুপনগর উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম বুলবুল বলেন, আমি চর অনুপনগরের অলিগলি ঘুরে মানুষের সমস্যাগুলো নিজে দেখেছি। নদীভাঙনের কারণে এলাকাটি বড় ঝুঁকিতে রয়েছে। তাই ভাঙন রোধ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। দেবীনগর ও চর অনুপনগরের সঙ্গে সংযোগ সড়ক নির্মাণ করা হবে।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে চর অনুপনগরকে নদীভাঙনের ঝুঁকি থেকে রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া হবে। নদীর তীরজুড়ে মেরিন ড্রাইভের আদলে পর্যটন কেন্দ্র গড়ে তোলার পাশাপাশি এলাকার সব সড়ক সংস্কার করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

সদর হাসপাতালের দুরবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, ২৫০ শয্যার হাসপাতাল হলেও সেখানে পর্যাপ্ত ডাক্তার, নার্স, আইসিইউ ও সিসিইউ সুবিধা নেই। রোগীদের রাজশাহীতে রেফার করা হয়। আমরা হাসপাতালের সেবার মান উন্নয়নে বিশেষ উদ্যোগ নেব।

তিনি আরও বলেন, সারা দেশে দাড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের মানুষ পরিবর্তন চায়। আমরা নির্বাচিত হলে নারীদের অধিকার প্রতিষ্ঠা, দারিদ্র্য বিমোচন ও বেকারত্ব হ্রাসে কাজ করব। বেকার ভাতা নয়, প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে গড়ে তোলা হবে।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, আমরা দুর্নীতি, মামলা-বাণিজ্য ও সন্ত্রাসের রাজনীতি করব না এবং করতেও দেব না। একটি নিরাপদ ও সাম্যের চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলবো।

অন্যান্য বক্তারা বলেন, দেশে দীর্ঘদিন বিভিন্ন সরকার ক্ষমতায় থাকলেও জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লায় ভোট দিয়ে জামায়াতকে সংসদে পাঠানোর আহ্বান জানান তারা।
সভা শেষে নূরুল ইসলাম বুলবুলের পক্ষে দাড়িপাল্লা প্রতীকে ভোট ও দোয়া কামনা করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীমের সভাপতিত্বে আয়োজিত এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য লতিফুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর, সদর উপজেলা নায়েবে আমীর অধ্যাপক গোলাম কবির, সদর উপজেলা সেক্রেটারি আব্দুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category