২০২৭ সালের জন্য সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। তবে এর মধ্যে সাপ্তাহিক ছুটির দিন বাদ দিলে কার্যকর ছুটি পাওয়া যাবে ২২ দিন।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
তিনি জানান, ২০২৭ সালে জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় উৎসব উপলক্ষে ১৫ দিন সাধারণ ছুটি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে চার দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে। অন্যদিকে বাংলা নববর্ষ ও বিভিন্ন ধর্মীয় উৎসব উপলক্ষে নির্বাহী আদেশে ১৪ দিন ছুটি থাকবে। এর মধ্যে তিন দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সব মিলিয়ে ঘোষিত ২৯ দিনের ছুটির মধ্যে শুক্রবার ও শনিবারসহ সাপ্তাহিক ছুটির দিন রয়েছে সাতটি। ফলে সাপ্তাহিক ছুটি বাদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২২ দিন ছুটি ভোগ করতে পারবেন।
এ ছাড়া ধর্মীয় উৎসব পালনের জন্য সরকারি কর্মচারীরা নিজ নিজ ধর্ম অনুযায়ী বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় কর্মরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সরকারি কর্মচারীরা বৈসাবি বা নিজস্ব প্রধান সামাজিক উৎসব পালনে দুই দিন ঐচ্ছিক ছুটি পাবেন।
এর আগে সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।
