আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে মানবাধিকার লঙ্ঘনকারী দেশ হিসেবে তুলে ধরার আওয়ামী লীগের প্রচেষ্টা ভুল প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
রোববার (১১ অক্টোবর) সকালে আন্তর্জাতিক পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলন শেষে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
স্পিকার জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনা হতে পারে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
আইপিইউ সম্মেলনে বাংলাদেশের অর্জন তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, সম্মেলনে বাংলাদেশ বিরল সাফল্য অর্জন করেছে। এ ছাড়া শ্রমিকদের দুর্ভোগ কমানোর বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
সম্মেলনের বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে ফোরাম অব উইমেন এবং ইয়ং পার্লামেন্টের সঙ্গেও আলোচনা হয়েছে বলে জানান স্পিকার।
তিনি আরও জানান, আগামী এক বছরের জন্য এশিয়া-প্যাসিফিক অঞ্চলের নেতৃত্ব দেবেন বাংলাদেশি প্রতিনিধি হিসেবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
