শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করার স্বীকৃতিস্বরূপ অর্জিত বিশেষ সম্মাননা রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত ‘অংশীজন সম্মিলন’ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। এ সময় রাসিকের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে বিশেষ সম্মাননা হিসেবে পাওয়া ক্রেস্ট ও সনদপত্র উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। কর্মকর্তা-কর্মচারীরাও দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে নাগরিকদের সেবা দিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধনে পাওয়া এই স্বীকৃতি আরও ভালোভাবে কাজ করতে উৎসাহিত করবে।
তিনি বলেন, এই অর্জন শুধু সিটি করপোরেশনের নয়; স্বাস্থ্য বিভাগের মাঠপর্যায়ের কর্মীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং নগরবাসীর সম্মিলিত প্রচেষ্টার ফল। এ সম্মাননা তিনি রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করেন এবং সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।
রাসিক প্রশাসক আরও বলেন, ভবিষ্যতে নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে কার্যক্রম অব্যাহত থাকবে। নগরীর উন্নয়ন ও নাগরিকদের ভোগান্তি কমাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
ফুটপাত দখলমুক্ত করতে মহিলা কলেজ রোডে উচ্ছেদ অভিযান পরিচালনার কথা উল্লেখ করে তিনি বলেন, নাগরিক ভোগান্তি দূর করতেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি সিনিয়র সিটিজেনদের জন্য পার্ক নির্মাণ, খেলার মাঠের উন্নয়ন, ফুটসাল গ্রাউন্ড তৈরি, দৃষ্টিনন্দন সিটি গেট নির্মাণ এবং যানজট নিরসনে অটোরিকশা চলাচলে শৃঙ্খলা আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজশাহী মহানগরীকে আরও পরিচ্ছন্ন, সুন্দর, আধুনিক, বাসযোগ্য, নিরাপদ ও শান্তির নগরী হিসেবে গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম।
এ ছাড়া কাউন্সিলরদের পক্ষে ২৫ ও ২৮ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর মো. আব্দুর রাজ্জাক, নিবন্ধকের পক্ষে ভেটেরিনারি সার্জন ডা. ফরহাদ হোসেন, ১৫ নম্বর ওয়ার্ড সচিব ওবাইদুর রহমান এবং ইপিআই স্টোর কিপার ফিরোজা বেগম রেখা বক্তব্য দেন।
অনুষ্ঠানে রাসিকের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর, স্বাস্থ্য বিভাগের কর্মী, টিম লিডার, স্বাস্থ্য সহকারী, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
