রাজশাহী মহানগরীর তেরখাদিয়া স্টেডিয়াম সংলগ্ন এলাকায় বাসার তালা ভেঙে চুরির সময় স্থানীয়দের হাতে আটক এক ব্যক্তিকে সামারি ট্রায়ালের মাধ্যমে দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে রাজপাড়া থানাধীন তেরখাদিয়া স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম রাহিদুল ইসলাম (৩০)। তিনি বোয়ালিয়া থানার জিন্নাহনগর মথুর ডাঙ্গা গ্রামের মাইনুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, লালন শাহের বাসার নিচতলায় কেউ না থাকার সুযোগে রাহিদুল ইসলাম বাসার তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে তিনি মোটরসাইকেলের ব্যাটারিসহ অন্যান্য মালামাল চুরি করছিলেন।
চুরির সময় লালন শাহের স্ত্রী বাসায় ফিরে তাকে দেখতে পান। এ সময় তিনি চিৎকার করলে রাহিদুল পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে আটক করেন।
আটকের পর তার কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত একাধিক চাবি, লোহার শাবল, প্লাস ও হাতুড়ি এবং চুরি করা মোটরসাইকেলের ব্যাটারি উদ্ধার করা হয়।
খবর পেয়ে রাজপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাহিদুল ইসলাম ও উদ্ধারকৃত মালামাল হেফাজতে নেয়। পরে তাকে উদ্ধারকৃত আলামতসহ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতা উল্লাহর আদালতে হাজির করা হয়।
আদালত মামলাটি আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচার বা সামারি ট্রায়াল কার্যক্রম পরিচালনা করেন। এ সময় আসামি রাহিদুল ইসলাম নিজের দোষ স্বীকার করেন। পরে আদালত তাকে দেড় বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে এ ধরনের তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
