ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, সরকারের সঙ্গে আলোচনা হয়নি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও এ বিষয়ে সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সরকার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মীর শাহে আলম বলেন, ‘টেলিভিশনে দেখেছি, নির্বাচন কমিশন কয়েক ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সরকার কিছুই জানে না। সরকারের সঙ্গে কোনো পত্র যোগাযোগ বা অন্য কোনোভাবে আলোচনা হয়নি।’

তিনি বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান এবং নির্বাচন পরিচালনার সাংবিধানিক ক্ষমতা তাদের রয়েছে। তবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী সরকারের সঙ্গে আলোচনা করে প্রস্তুতি সভা ও আইনশৃঙ্খলা কমিটির সভার পর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়ে থাকে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সঙ্গে বাজেটসহ বিভিন্ন বিষয় জড়িত। এসব বিষয় বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের সঙ্গে সমন্বয় করে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হয়।

এর আগে সোমবার নির্বাচন কমিশন কয়েক ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করে। তবে সেই নির্বাচনী সময়সূচি ঘোষণার আগে সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে দাবি করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice