দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রায় চার হাজার নবীন শিক্ষার্থীকে বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নবীন শিক্ষার্থীদের ফুল এবং বিভিন্ন উপহারসামগ্রীর মাধ্যমে বরণ করে নেওয়া হয়। এ সময় বক্তারা শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইনসহ বাস্তব জীবনে কার্যকরী বিভিন্ন দিকনির্দেশনা দেন। ভবিষ্যৎ জীবনের জন্য শিক্ষার্থীদের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আলোচনা করেন।

এ সময় ইসলামিক স্টাডিজ বিভাগের নবীন শিক্ষার্থী মারজিয়া সুলতানা বলেন, এমন আয়োজনের জন্য ছাত্রশিবিরকে ধন্যবাদ জানাই। শিবির যতদিন শিক্ষার্থীদের পাশে আছে আমরাও ততদিন তাদের পাশে থাকবো। শিক্ষার্থীদের অধিকার আদায়ে শিবির সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে বলে আমরা প্রত্যাশা করি।
শাখা ছাত্রশিবির সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, বিগত সময়ে ক্যাম্পাসে ভয়াবহ ত্রাসের রাজত্ব ছিল। কেউ স্বাধীনভাবে কথা বলতে পারতো না। শুধুমাত্র ফেসবুক পোস্টে হা হা রিঅ্যাক্ট দেওয়ার কারণে বঙ্গবন্ধু হলে তাদের হাত-পা বেঁধে নির্যাতন করা হতো। ছাত্রজীবন শেষ না করেই অসংখ্য শিক্ষার্থীকে ক্যাম্পাস ছেড়ে দিতে হয়েছে। অনেক সংগ্রাম এবং রক্তের বিনিময়ে আজকে আমাদের ক্যাম্পাসে শান্তি ফিরে এসেছে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা এখন যেমন ক্যাম্পাস পেয়েছো ভবিষ্যতে তোমরা যখন শিক্ষাজীবন শেষ করে চলে যাবে তখনও যাতে এমন শান্তিপূর্ণ ক্যাম্পাস রেখে যেতে পারো সেটা প্রত্যাশা থাকবে। এজন্য তোমাদের আপসহীন ভূমিকা রাখতে হবে। আর কখনো যাতে গণরুম, গেস্টরুম কালচার ফিরে না আসে সেজন্য তোমাদের সবসময় সতর্ক থাকতে হবে।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়ালেখা শেষ করে কী করবে সেটা নিয়ে হতাশায় ভুগতে দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা তো এটা হওয়ার কথা না। বাংলাদেশের শিক্ষার্থীরা বাইরের দেশে গিয়ে বিভিন্ন সেক্টরে ভালো করলেও দেশের মাটিতে তারা সেটা করার সুযোগ পাচ্ছে না। দেশের উদ্যোক্তাদের কাউন্সেলিং করার জন্য দেশে পর্যাপ্ত ব্যবস্থা নেই। পড়ালেখার বাইরে শিক্ষকদের শিক্ষার্থীদের নিয়ে কোনো চিন্তা করতেও দেখা যায় না।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদেরকে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আমরা যেন বিশ্ববিদ্যালয় জীবনে আমাদের চরিত্র নষ্ট করে না ফেলি। এছাড়া এখানে এসে শিক্ষার্থীরা বিভিন্ন সম্পর্কে জড়িয়ে পড়ে ফলে পরবর্তী জীবনে তারা শান্তি খুঁজে পায় না। তাই আমাদের এসব বিষয়ে সতর্ক থাকতে হবে। দিনশেষে আপনাদের ক্যাম্পাস জীবন সুন্দর হোক সেই কামনা করি।
নবীনবরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম, সভাপতি হিসেবে শাখা ছাত্রশিবির সভাপতি মুজাহিদ ফয়সাল, বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, আলোচক হিসেবে রাজশাহী মহানগর সভাপতি ইমরান নজিরসহ ছাত্রশিবির এবং জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
