চাকরি ও দক্ষতা উন্নয়নে রুয়েটে দুই দিনব্যাপী আরসিএফ ক্যারিয়ার ফেয়ার সম্পন্ন

প্রতিবেদক: রুয়েট প্রতিনিধি:

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি, কর্পোরেট সংযোগ বৃদ্ধি এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত ১১তম আরসিএফ (RUET Career Forum) ক্যারিয়ার ফেয়ার ২০২৬ শেষ হয়েছে। ১০ ও ১১ জুলাই অনুষ্ঠিত দুই দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান, এইচআর বিশেষজ্ঞ, সফল বিসিএস ক্যাডার এবং উচ্চশিক্ষাবিষয়ক পরামর্শকরা অংশ নিয়ে শিক্ষার্থীদের জন্য চাকরি, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার একটি সমন্বিত প্ল্যাটফর্ম তৈরি করেন।

আয়োজক সূত্রে জানা যায়, ফেয়ার চলাকালে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ১,৫০০টি সিভি জমা পড়ে। পাশাপাশি Sigma Oil Industries Ltd.-এর অন-ক্যাম্পাস রিক্রুটমেন্ট কার্যক্রমে ৬০ জনেরও বেশি শিক্ষার্থী সরাসরি ভাইভায় অংশ নেওয়ার সুযোগ পান।

ক্যারিয়ার ফেয়ারের প্রথম দিনে বিসিএস প্রস্তুতি বিষয়ক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে রুয়েটের তিনজন সফল বিসিএস ক্যাডার—কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০১২–১৩ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী ও ৪৫তম বিসিএস (প্রশাসন ক্যাডার)-এ সুপারিশপ্রাপ্ত মো. রাইসুর রহমান রাব্বি, যন্ত্রকৌশল বিভাগের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী ও ৪৬তম বিসিএস (রেলওয়ে ক্যাডার)-এ সুপারিশপ্রাপ্ত মো. হাসিবুল হাসান সিফাত এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী ও ৪৭তম বিসিএস (পুলিশ ক্যাডার)-এ সুপারিশপ্রাপ্ত রিফাত হুসাইন আকন্দ পুলক নিজেদের প্রস্তুতির অভিজ্ঞতা, সময় ব্যবস্থাপনা এবং লিখিত ও মৌখিক পরীক্ষার কৌশল তুলে ধরেন।

দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় Higher Studies, IELTS and Spoken English বিষয়ক সেমিনার। এতে বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি, আইইএলটিএসে ভালো স্কোর অর্জনের কৌশল এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতামূলক দক্ষতা গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই দিনে আয়োজিত এইচআর সামিটে Walton, PRAN Group, RFL Group, BSRM ও MGI-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মানবসম্পদ প্রতিনিধিরা বর্তমান চাকরির বাজার, কর্পোরেট সংস্কৃতি, নিয়োগ প্রক্রিয়া ও সফট স্কিল বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে নিজেদের জিজ্ঞাসার উত্তর জানার সুযোগ পান।

১০ জুলাই সকালে ক্যারিয়ার ফেয়ারের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক এবং বিশেষ অতিথি ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। সকাল ৯টায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধনের পর বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। এ সময় তিনি বলেন, এমন আয়োজন শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষা ও শিল্পখাতের বাস্তব চাহিদার মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করে।

১১ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ২১৭ নম্বর কক্ষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়েট ক্যারিয়ার ফোরামের উপদেষ্টা ও ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক আবু ইসমাঈল সিদ্দিকী সাইফ। এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক সহকারী অধ্যাপক জেড. এইচ. এম. মঞ্জুর মোরশেদ। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা ও সেমিনারে কৃতিত্বপূর্ণ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

সমাপনী অনুষ্ঠানে রুয়েট ক্যারিয়ার ফোরামের সভাপতি এবং যন্ত্রকৌশল বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফজলে রাব্বি বলেন, “এক দশকেরও বেশি সময় ধরে রুয়েট ক্যারিয়ার ফোরাম ধারাবাহিকভাবে এই আয়োজন করে আসছে। শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন এবং কর্পোরেট জগতের সঙ্গে সংযোগ তৈরিতে এ ক্যারিয়ার ফেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।”

এবারের ক্যারিয়ার ফেয়ারে Walton, BSRM, PRAN Group, RFL Group, MGI, Navana, Sigma Oil Industries Ltd., Echologyx Ltd., Orbeetal, Mentors এবং Nextzen Civil অংশ নেয়। Avian BPO & IT ছিল টাইটেল স্পন্সর। মিডিয়া পার্টনার হিসেবে ছিল Jamuna TV ও RUET Reporters Unity। এছাড়া Majar Hobby Electronics টেকনিক্যাল পার্টনার, Ryze গেমিং পার্টনার এবং Tasty Treat ফুড পার্টনার হিসেবে যুক্ত ছিল।

আয়োজকদের ভাষ্য, চাকরির সুযোগ সৃষ্টি ছাড়াও শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, কর্পোরেট নেটওয়ার্ক গড়ে তোলা, বিসিএস ও উচ্চশিক্ষার প্রস্তুতিতে সহায়তা এবং বাস্তব কর্মজগত সম্পর্কে ধারণা দেওয়ার লক্ষ্যেই এবারের ক্যারিয়ার ফেয়ারের আয়োজন করা হয়েছে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice