স্মার্ট ক্যাম্পাস গঠনের লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলগুলোতে নিরবচ্ছিন্ন ও উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদানের উদ্দেশ্যে ৫ কিলোমিটার ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার কেবল স্থাপন কাজের শুভ উদ্বোধন করেন উপাচার্য ড. একে এম মতিনুর রহমান ।
আজ ৬ জুলাই (সোমবার), সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের সামনে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়। ‘হিট’ প্রকল্পের আওতাধীন এই মেগা প্রজেক্ট বাস্তবায়নে কারিগরি ও সার্বিক সহযোগিতা প্রদান করছে ‘অপটিমাল টেকনোলজি লিমিটেড’।
উদ্ভোদনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. কে. এম. মতিনুর রহমান এবং উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ইয়াকুব আলী। এতে আরও উপস্থিত ছিলেন আইসিটি সেলের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শরিফুল ইসলাম, শাহ্ আজিজুর রহমান হলের প্রোভোস্ট, ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এবং কারিগরি সহায়তায় নিয়োজিত অপটিমাল টেকনোলজি লিমিটেডের প্রকৌশলী ও কর্মচারীবৃন্দ।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, ক্যাম্পাসজুড়ে বিস্তৃত এই ৫ কিলোমিটার ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার লাইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অবস্থিত আটটি আবাসিক হলে সরাসরি নিরবচ্ছিন্ন ও দ্রুতগতির ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা হবে। এর ফলে দীর্ঘদিনের নেটওয়ার্ক জটিলতা ও ধীরগতির ইন্টারনেটের কবল থেকে মুক্তি পাবেন সাধারণ শিক্ষার্থীরা, যা তাদের একাডেমিক ও গবেষণামূলক কার্যক্রমকে আরও গতিশীল করবে।
অনুষ্ঠানে অপটিমাল টেকনোলজি লিমিটেডের প্রকৌশলী কাজের অগ্রগতি ও প্রক্রিয়া সম্পর্কে জানান, ‘প্রাথমিকভাবে ক্যাবল মাটির নিচ দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলের সাথে যুক্ত করে মূল লাইনের সকল প্রস্তুতি সম্পন্ন করা। এই প্রাথমিক পর্যায়ের কাজের মধ্যে রয়েছে মাটির নিচ দিয়ে ও হলের দেয়ালে নিরাপদ পাইপ বা ডাক্ট তৈরি করা, অত্যন্ত সতর্কতার সাথে ফাইবার ক্যাবল টানা এবং ফিউশন স্প্লাইসিং মেশিনের সাহায্যে ক্যাবলগুলোকে নিখুঁতভাবে হলের ডিস্ট্রিবিউশন বক্সের সাথে জোড়া দেওয়া।’
তিনি আরও উল্লেখ করেন, ‘আমাদের এই প্রাথমিক ধাপের কাজগুলো শেষ হয়ে গেলে, পরবর্তী পর্যায়ে অন্য একটি কোম্পানি এসে রাউটার স্থাপনসহ যাবতীয় কারিগরি কাজ সম্পন্ন করে লাইনটি চূড়ান্তভাবে সক্রিয় করবেন। যার মাধ্যমে শিক্ষার্থীরা দ্রুতগতির ইন্টারনেট সুবিধা পাবেন।’
উদ্ভোদনকালে উপাচার্য প্রফেসর ড. একে এম মতিনুর রহমান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে আটটি ছাত্র এবং ছাত্রী হল আছে। এই আটটি হলের নিরবচ্ছিন্ন ইন্টারনেট সার্ভিস নিশ্চিত করার লক্ষ্যেই এই কর্মসূচি আজকে উদ্বোধন ঘোষণা করা হলো। আমার বিশ্বাস যে ইসলামিক ইউনিভার্সিটি, জাতীয়ভাবে এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের একাডেমিক কার্যক্রম পরিচালনার স্বার্থে এবং শিক্ষার্থীদের নিরবচ্ছিন্ন ইন্টারনেট সার্ভিস নিশ্চিত করার লক্ষ্যে এই কর্মসূচিটি নিঃসন্দেহে আমাদের শিক্ষার্থীদের তাদের একাডেমিক কার্যক্রমগুলোর গতি এবং তাদের যে একাডেমিক কার্যক্রমে যে অংশগ্রহণ, সেটিকে অনেক বেশি সমৃদ্ধ করবে। এবং সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং আমার বিশ্বাস এই কার্যক্রমটি খুব দ্রুততার সাথে সম্পন্ন হবে ইনশাআল্লাহ। এবং আমরা আশা করি যে ভবিষ্যতে ইসলামিক ইউনিভার্সিটি প্রযুক্তিগত বিষয়ের ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
