রাজশাহীকে একটি সুন্দর, বাসযোগ্য এবং সম্পূর্ণ দুর্নীতিমুক্ত শহর হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। সোমবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নবনিযুক্ত চেয়ারম্যান জানান, উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া এবং তিনি পূর্বসূরিদের দেখানো পথেই কাজ এগিয়ে নেবেন। সিনিয়র নেতৃবৃন্দ রাজশাহীর জন্য যে মাস্টার প্ল্যান তৈরি করে গেছেন, সেই পরিকল্পনা অনুযায়ীই উন্নয়ন কাজ চলমান থাকবে। তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর নিজের কাজের পরিধি পর্যালোচনা করে, সবার সাথে আলোচনার ভিত্তিতে রাজশাহীর সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা হবে।
দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে তিনি বলেন, সমাজ ও প্রতিষ্ঠান থেকে সব ধরনের দুর্নীতি সমূলে উৎখাত করা হবে। অতীতে কারা কী ধরনের অনিয়ম বা দুর্নীতি করেছে, তার সুনির্দিষ্ট অভিযোগ জানাতে তিনি সাধারণ মানুষ ও সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
এর আগে আনুষ্ঠানিকভাবে নথিতে স্বাক্ষর করে নিজের দায়িত্বভার গ্রহণ করেন আবুল কালাম আজাদ সুইট। দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত দোয়া ও মোনাজাত শেষে তিনি উপস্থিত অতিথি এবং অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন। পরে তিনি আরডিএ অফিস চত্বরে একটি গাছের চারা রোপণ করেন।
