আম পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা; আটক ২

প্রতিবেদক: নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর মান্দা উপজেলায় গাছ থেকে বাচ্চাদের আম পাড়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

সোমবার (৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পরানপুর ইউনিয়নের হাটোইর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত ব্যক্তি হলেন হাটোইর গ্রামের মৃত দিনা মোল্যার ছেলে তৈয়বুর রহমান মোল্যা (৬৫)। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন একই গ্রামের সৈয়ব আলী (৬২) ও তার ছেলে স্বাধীন (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে ইমরান হাসানের ছেলে শিশু শাকিল (৮) প্রতিবেশী জালাল হাসানের গাছ থেকে কিছু আম পাড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে আব্দুল মমিন ওই শিশুকে বকাঝকা করলে উভয় পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
এরই জেরে সোমবার সকালে ইমরান হাসান ও তার লোকজন সংঘবদ্ধ হয়ে মমিনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ রয়েছে।

এ সময় বাধা দিতে গেলে মেহেরুননেছা (৫০),মেহেদী হাসান (২৮), আব্দুল মমিন (২৬) ও শিশু রিয়ান (৮) আহত হন।

স্থানীয়রা জানান, আহতদের হাসপাতালে নেওয়ার সময় বাড়ির সংলগ্ন পাকা সড়কে আবারও হামলার ঘটনা ঘটে। এ সময় বাধা দিতে গেলে তৈয়বুর রহমান মোল্যাকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে তৈয়বুর রহমানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সৈয়ব আলী ও তার ছেলে স্বাধীনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice