‎চুরির সূত্র ধরে মাদক কারবারের সন্ধান, উদ্ধার ৯০ কেজি গাঁজা-গ্রেফতার ২

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ট্রান্সমিটারের তার চুরির ঘটনার তদন্ত করতে গিয়ে ৯০ কেজি গাঁজার বড় চালান উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

‎পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ জুন পাঁড়ইল ইউনিয়নের হাকিমপুর গ্রামে তিনটি সেচ পাম্পের ট্রান্সমিটারের তার চুরির অভিযোগ ওঠে। ঘটনার তদন্তের অংশ হিসেবে সন্দেহভাজন হামিদুর ইসলাম (৩৫)-কে জিজ্ঞাসাবাদের জন্য ৭ জুন আটক করে নিয়ামতপুর থানা পুলিশ।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।

‎এরপর সোমবার (৮ জুন) ভোররাতে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুবুর রহমানের নেতৃত্বে এবং এসআই (নিঃ) মো. আরিফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স উপজেলার পাঁড়ইল ইউনিয়নের তুলারবাঐল গ্রামে অভিযান পরিচালনা করে।

‎অভিযানকালে হামিদুর ইসলামের বাড়িতে তল্লাশি চালিয়ে তিনটি পাটের বস্তায় রাখা ৩০ কেজি করে মোট ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই চক্রের সদস্য মো. রশিদ (৪৪)-কে গ্রেপ্তার করা হয়।

‎নওগাঁ জেলা পুলিশের পুলিশ সুপার তারিকুল ইসলাম প্রেসব্রিফিংয়ে জানান, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ থেকে ৪০ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে স্থানীয় মাদকসেবী ও ব্যবসায়ীদের কাছে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার কথা স্বীকার করেছেন।

‎নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice