রাজশাহীতে শিশু শিক্ষার্থী রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী মহিলা সংস্থা। একইসঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।
শুক্রবার (২২ মে) বিকেলে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে আয়োজিত মানববন্ধনে নারী ও শিশু নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মনি চত্বর ঘুরে রাজশাহী কলেজের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে, যা সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়। বিচারহীনতার সংস্কৃতি ও আইনের দুর্বল প্রয়োগের কারণেই নারী ও শিশু নির্যাতনের ঘটনা বাড়ছে বলে মন্তব্য করেন তারা।
বক্তারা আরও বলেন, অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে এ ধরনের ঘটনা থামানো সম্ভব নয়। নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতে সরকারকে আরও কঠোর ভূমিকা পালনেরও দাবি জানান তারা।
এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, রামিসা হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিশ্চিত না হলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মহিলা সংস্থার রাজশাহী অঞ্চলের পরিচালক শারমিন আক্তার বনি, সেক্রেটারি শাহিনা আক্তার, সূরা সদস্য ড. ফাতেমা সিদ্দিকা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল কিসমত আরা কল্পনাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
