আবাসন সংকট নিরসনসহ ৫ দফা দাবিতে রাবি সম্মিলিত হল সংসদের স্মারকলিপি

প্রতিবেদক: রাবি প্রতিনিধি:

হলের সিট বণ্টনে স্বচ্ছতা নিশ্চিত ও পূর্ণাঙ্গ আবাসিকতার রোডম্যাপ ঘোষণাসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সম্মিলিত হল সংসদ। বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলীমের কাছে এ স্মারকলিপি জমা দেন ১৭টি হল সংসদের নেতৃবৃন্দ। পরে পরিবহন মার্কেটে সংবাদ সম্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাহ মখদুম হল সংসদের ভিপি শামীম পাটওয়ারি। এসময় তিনি ৫ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- হলের সিট বণ্টনে স্বচ্ছ ও নিরপেক্ষ নীতিমালার পূর্ণ বাস্তবায়ন, অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের হল ত্যাগে বাধ্য করা, রুমভিত্তিক আবাসিক শিক্ষার্থীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ, আবাসনসংক্রান্ত অভিযোগ গ্রহণ ও সমাধানের জন্য কার্যকর সেল গঠন এবং পূর্ণাঙ্গ আবাসিকতার রোডম্যাপ দ্রুত ঘোষণা।

লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক ব্যবস্থা শিক্ষার্থীদের শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অংশ হলেও বর্তমানে সিট বণ্টনে স্বচ্ছতার অভাব, দীর্ঘসূত্রিতা ও নানা ভোগান্তির অভিযোগ রয়েছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রায় এক-তৃতীয়াংশ শিক্ষার্থী এখনো আবাসন সুবিধার বাইরে রয়েছে, যা তাদের শিক্ষা কার্যক্রম ও মানসিক স্বস্তিতে নেতিবাচক প্রভাব ফেলছে।

এসময় শহীদ হবিবুর রহমান হল সংসদের ভিপি আহমেদ আহসানউল্লাহ ফারহান বলেন, ‘আমাদের অন্যতম দাবি হলো, হলে অবস্থানরত সব শিক্ষার্থীর পরিচয় বিভাগ ও সেশনসহ ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এতে সবাই জানতে পারবে কে বৈধভাবে হলে আছে আর কে অবৈধভাবে অবস্থান করছে। পাশাপাশি আমরা উপ-উপাচার্য স্যারের কাছে পূর্ণাঙ্গ আবাসিকতার একটি সুস্পষ্ট রোডম্যাপ চেয়েছি। এছাড়া অনাবাসিক শিক্ষার্থীদের জন্য ভাতার ব্যবস্থার দাবিও জানিয়েছি, যাতে তারা অন্তত মেস ভাড়া বহন করতে পারে।’

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice