নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে সরকারি বরাদ্দের ৯০০ কেজি ভিজিএফের চাল উদ্ধার করা হয়েছে। এ সময় সরকারি চাল কালোবাজারির অভিযোগে উজ্জ্বল সাকিদার নামে এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
তবে ঘটনার মূল হোতা হিসেবে অভিযুক্ত মৈনম ইউনিয়নের বাবু মণ্ডলসহ অন্যান্য সহযোগীরা পলাতক রয়েছে।
বুধবার (২০ মে) বিকেলে উপজেলার মৈনম ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মৈনম ইউনিয়ন পরিষদের দুস্থ মানুষের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল অবৈধভাবে মজুদ করে বেশি দামে বিক্রির পরিকল্পনা করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালায়।
অভিযানকালে সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে মৈনম ইউপি সংলগ্ন বাবু মণ্ডলের বাড়ির মূল ফটকের পাশে থাকা একটি টিনশেড রান্নাঘর থেকে ৩০ বস্তায় থাকা ৯০০ কেজি সরকারি ভিজিএফের চাল জব্দ করা হয়।
এদিকে, একই সময় আশপাশ এলাকায় তল্লাশি চালানোর সময় নিন্দইন ব্রিজ মোড় থেকে মৈনম বাজার হয়ে বাবু মণ্ডলের বাড়ির দিকে যাওয়ার পথে একটি সন্দেহভাজন ভ্যান আটক করে পুলিশ। ভ্যানে থাকা সরকারি চালের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে চালক উজ্জ্বল সাকিদার স্বীকার করেন, তিনি টিসিবির পণ্য ও সরকারি চাল সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বাবু মণ্ডলের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। পরে সাক্ষীদের উপস্থিতিতে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার উজ্জ্বল সাকিদার, পলাতক বাবু মণ্ডলসহ অজ্ঞাতনামা সহযোগীরা পরস্পর যোগসাজশে অবৈধভাবে সরকারি চাল মজুদ করে খোলা বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির চেষ্টা করছিল। এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১)/২৫-ডি ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। একজনকে গ্রেপ্তার করা হলেও এর সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। পলাতকদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
