রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে ব্যতিক্রমধর্মী এক মানবিক উদ্যোগ নিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতা। ব্যক্তিগত উদ্যোগে প্রতিদিন ৫ জন শিক্ষার্থীকে মাত্র ৫ টাকার বিনিময়ে দুপুরের খাবার খাওয়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।
উদ্যোগ নেওয়া ছাত্রদল নেতা হলেন মো. শাকিল দেওয়ান। তিনি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি টাঙ্গাইল জেলায়।
শিক্ষার্থীদের সুবিধার্থে প্রতিদিন দুপুর ১২টার মধ্যে শাকিল দেওয়ানের হোয়াটসঅ্যাপ নম্বর (০১৭২৬৮৮৪৫৮১)-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে শাকিল দেওয়ান বলেন, “ক্যাম্পাসে অনেক শিক্ষার্থী আর্থিক সংকটের কারণে নিয়মিত ঠিকমতো খাবার খেতে পারছেন না। কেউ কেউ দিনে একবেলা খেয়ে জীবনযাপন করছেন। বিষয়টি জানার পর মানবিক দায়িত্ববোধ থেকেই আমি এই উদ্যোগ নিয়েছি।”
তিনি আরও বলেন, সামর্থ্য অনুযায়ী প্রতিদিন ৫ জন শিক্ষার্থীকে ৫ টাকার বিনিময়ে দুপুরের খাবারের ব্যবস্থা করতে চাই। ভবিষ্যতে সুযোগ হলে এই পরিসর আরও বাড়ানোর ইচ্ছা রয়েছে।”
এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করে রাবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাহের রহমান বলেন, “আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অধিকাংশই মধ্যবিত্ত ও নিন্মবিত্ত পরিবার থেকে আসা, আমাদের অনেক ভাই-বোন অর্থাভাবে খাওয়ার কষ্টে ভোগেন যা রাবিতে ওপেন সিক্রেট। সেই বাস্তবতায় ছাত্রদল নেতা শাকিল দেওয়ানের এই উদ্যোগকে আমি ইতিবাচক ভাবে দেখছি। এই উদ্যোগে যদি অল্প সংখ্যক শিক্ষার্থীও উপকৃত হয় তবে সেটাই আমাদের স্বার্থকতার জায়গা।”
এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে। শাকিল দেওয়ানের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় ও মানবিক। আমরা বিশ্বাস করি, এমন উদ্যোগ অন্যদেরও সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে। শিক্ষার্থীদের যেকোনো সংকটে ছাত্রদল সবসময় পাশে থাকবে।”
