সীমান্তে ভারতীয় বিএসএফের স্পিডবোটের ধাক্কায় আহত ১, নিখোঁজ ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পদ্মা নদীতে মাছ ধরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর স্পিডবোটের ধাক্কায় এক বাংলাদেশি জেলে আহত হয়েছেন এবং আরেকজন নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৪ মার্চ) রাতে উপজেলার মনোহরপুর সীমান্তসংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহা: আজম আলী জানান, রাতে মনোহরপুর সীমান্ত এলাকায় পদ্মা নদীতে মাছ ধরছিলেন স্থানীয় দুই জেলে মো. মোরশেদ ও মো. ফকির। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর একটি টহল স্পিডবোট তাদের নৌকায় ধাক্কা দিলে নৌকাটি উল্টে যায়। এতে মোরশেদ আহত হন এবং ফকির নদীতে পড়ে নিখোঁজ হন।

পরে অন্য জেলেরা আহত মোরশেদকে উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তবে স্থানীয়দের দাবি, এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী রাবার বুলেটও নিক্ষেপ করে।

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ-৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, আহত ও নিখোঁজ দুই ব্যক্তি বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে ভারতের প্রায় ২০০ গজ অভ্যন্তরে চলে গিয়েছিলেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী Border Security Force (বিএসএফ) এর টহল দল তাদের ধাওয়া করে। একপর্যায়ে স্পিডবোটের ধাক্কায় একজন আহত ও অপরজন নিখোঁজ হন।

তিনি আরও বলেন, বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে, কাউকে আটক করা হয়নি। ধারণা করা হচ্ছে নিখোঁজ ব্যক্তি নদীতে পড়ে গিয়েই নিখোঁজ হয়েছেন। তবে রাবার বুলেট নিক্ষেপের কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice