আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় এক সরকারি কর্মচারীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভোলাহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন বলেন, শনিবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বীরেশ্বরপুর গ্রামে অভিযান চালিয়ে মো. এরফান আলী নামের এক সরকারি কর্মচারীকে এই জরিমানা করা হয়।
তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত মো. এরফান আলী ঢাকা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসে কর্মরত এবং তিনি নিজ বাসভবনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সম্ভাব্য সহকারী প্রিসাইডিং অফিসারদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করেন। বৈঠকটি শিক্ষক সমিতির সভা হিসেবে আয়োজন করা হলেও সেখানে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. আমিনুল ইসলামকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক এবং নির্বাচনী কার্যক্রমে প্রভাব বিস্তারের চেষ্টার প্রমাণ পাওয়া যায়। এ কারণে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর ২১(খ) ধারা লঙ্ঘনের অপরাধে ২৭(ক) ধারায় মো. এরফান আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তিনি তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন।
মো. শামীম হোসেন বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী যদি আচরণবিধি লঙ্ঘন করেন বা কোনো প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তারের চেষ্টা করেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
