ইন্ডাস্ট্রিয়ালিস্টস্ এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিওএফ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে শনিবার (১৭ জানুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনের হলরুমে সদর উপজেলার ব্যবসায়ীদের অংশগ্রহণে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল।
আইবিডাব্লিওএফ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আলাউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. তরিকুল ইসলাম মোল্লা, মো. ইকবাল হোসেন, শামসুজ্জাহা মুকুল, তরিকুল ইসলামসহ অন্যান্য ব্যবসায়ী ও সংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় স্থানীয় ব্যবসায়ীরা ব্যবসায় পরিচালনায় বিদ্যমান সমস্যা, প্রতিবন্ধকতা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন এবং সমস্যা সমাধানে করণীয় বিষয়ে আলোচনা করেন।
“১২ ফেব্রুয়ারির পর চাঁপাইনবাবগঞ্জে আর কোনো চাঁদাবাজি চলবে না” বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের এমপি প্রার্থী নূরুল ইসলাম বুলবুল।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল সারে এগারোটা টায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনের হলরুমে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ শাখার উদ্যোগে আয়োজিত ‘চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায় ক্ষেত্রের সমস্যা চিহ্নিতকরণ: করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, কারা চাঁদাবাজি আর সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, জনগণ সব দেখে এবং জানে। জনগণ এর জবাব ব্যালটের মাধ্যমেই দেবে। তিনি জানান, বর্তমানে ব্যবসা-বাণিজ্যে দুটি বড় চ্যালেঞ্জ রয়েছে। একটি চাঁদাবাজি, অন্যটি সন্ত্রাস। এই সন্ত্রাস আর চাঁদাবাজদের কারণে দেশি-বিদেশি ব্যবসায়ীরা বাংলাদেশে নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য করতে পারছে না। ফলে দেশের অর্থনীতিতে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে।
বুলবুল বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজ থেকে ব্যবসায়ীদের রক্ষা করতে হলে প্রয়োজন দুর্নীতিমুক্ত, সৎ ও যোগ্য নেতৃত্ব। তিনি আরও বলেন, ৫৪ বছরের বাংলাদেশের রাজনীতিতে দেশপ্রেমের অভাব রয়েছে। জনগণের অধিকারকে অগ্রাধিকার না দিয়ে দলীয় নেতাকর্মীদের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে।
নূরুল ইসলাম বুলবুল বলেন, এই ৫৪ বছরের রাজনীতিতে ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে সন্ত্রাস আর চাঁদাবাজদের হাত বদল হয়েছে, কিন্তু সন্ত্রাস আর চাঁদাবাজি বন্ধ হয়নি। জামায়াত প্রার্থী বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরও এই দেশ থেকে সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ হয়নি, বরং সন্ত্রাসীদের হাত বদল হয়েছে। তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার আগেই ঠিকাদারদের খাম ছাড়া কোনো কাজ দেওয়া হয় না। এসব খাম কার বাসায় যায়, কোথায় যায় সবই আমাদের জানা আছে।
বুলবুল আরও বলেন, আগামীর বাংলাদেশে আমরা খাম চালাচালি বন্ধ করবো। কোনো উন্নয়নমূলক কাজে কোনো ঠিকাদারকে এক টাকাও কাউকে চাঁদা দিতে হবে না। কোনো ব্যবসায়ীকে চাঁদা দিয়ে ব্যবসা করতে হবে না। তিনি বলেন, স্বাধীনভাবে ব্যবসা-বাণিজ্য করার সুযোগ পেতে হলে সন্ত্রাস আর চাঁদাবাজদের ব্যালটের মাধ্যমে বয়কট করতে হবে।
শেষে তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণে ব্যবসায়ীদের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।
ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি মো. আলাউদ্দীনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. তরিকুল আলম মোল্লার পরিচালনায় আয়োজিত মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
