রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। রোববার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শহীদ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়।
এ সময় বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ও পুলিশ কমিশনারসহ বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং সাধারণ মানুষ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
এদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখার মধ্য দিয়ে রুয়েটে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। এদিন শহীদ ছাত্রদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
