বিএনপিকে নিষিদ্ধ করার চিন্তা করেনি আওয়ামী লীগ: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে অনেকেই চিহ্নিত করেছে। তবে তাদের নিষিদ্ধ করার চিন্তা এখনো দলগতভাবে আওয়ামী লীগ করেনি। এখানে আদালতের বিষয় আছে। আইন-আদালত তো মানতে হবে। গতকাল ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি সন্ত্রাসী দল এটা কানাডার ফেডারেল আদালত রায় দিয়েছে। যুক্তরাষ্ট্রে তারেক রহমানের প্রবেশ নিষিদ্ধ- আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি এটা দিয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আদালত স্বাধীনভাবে কাজ করছে। আদালত তাকে জামিন দিয়েছে। কাউকে জামিন দেয়ার অর্থ এই নয় তিনি অপরাধ থেকে সম্পূর্ণ মুক্ত।

বিএনপি মহাসচিব জামিনে মুক্ত হলে দলটির আন্দোলন বেগবান হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘বিএনপির আন্দোলন বেগবান হতে হতে পতন হয়ে যাবে।

এখন পতনের গভীর খাদ থেকে কে উদ্ধার করবে? আমরা তো শেখ হাসিনার জন্য প্রস্তুত, রাস্তায় সদা জাগ্রত প্রহরী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ডামি নির্বাচন’ আখ্যায়িত করে বিএনপি নেতাদের দেয়া বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, তারা যাকে ডামি নির্বাচন বলছে, তারা প্রমাণ হয়ে গেছে তারাই ডামি বিরোধী দল। তারা নিজেরাই ডামি, নির্বাচনে অংশগ্রহণই করেনি। সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়নের বিষয়ে তিনি বলেন, দলের সংসদীয় মনোনয়ন বোর্ড যাচাই বাছাই করে প্রার্থিতা চূড়ান্ত করেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতায় প্রার্থিতা বাতিল হয় বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনের আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহম্মেদের।

সেতুমন্ত্রী বলেন, একজনের নাগরিকত্ব নেই, প্রশ্ন উঠছিল। সেখানে প্রয়োজনীয় কাগজপত্র আসতে সময় লেগেছে। নির্বাচনের চার দিন পরে প্রয়োজনীয় কাগজপত্র, তথ্য- উপাত্ত আসে। সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, দলের সংসদীয় মনোনয়ন বোর্ড যাচাই বাছাই করে প্রার্থিতা চূড়ান্ত করেছে। জনগণের ভোটে যারা নির্বাচিত হতে পারেননি তাদের অনেকে সংরক্ষিত আসনে মনোনয়ন পেয়েছেন। তাহলে জনগণের রায়কে উপেক্ষা করা হলো কিনা? এ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটা আমাদের দলের ব্যাপার, এটা আমাদের বোর্ডের সিদ্ধান্তের ব্যাপার। কোনটা সঠিক হবে, কোনটা বেঠিক হবে, যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেয়া হয়েছে। পুরুষের ব্যাপারে কোনো স্কোপ থাকে না। নারীদের ব্যাপারে সংরক্ষিত আসনে একটা সুযোগ আছে। এখানে জনগণের প্রত্যাখ্যানের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী ও আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice