চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলন হয়েছে। আমন ধান কাটার পর ও বোরো চাষের আগের মধ্যবর্তী সময়ে বাড়তি ফসল হিসেবে সরিষা চাষ করে লাভবান হচ্ছেন উপজেলার হাজার হাজার কৃষক।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে ভোলাহাট উপজেলায় প্রায় ২ হাজার ২৮০ হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। কম খরচ ও স্বল্প সময়ে ভালো লাভ হওয়ায় প্রতি বছরই এ অঞ্চলে সরিষা চাষের প্রতি কৃষকদের আগ্রহ বাড়ছে।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগে আমন ধান কাটার পর বোরো রোপণের আগ পর্যন্ত জমি দীর্ঘ সময় অনাবাদী পড়ে থাকত। কৃষি বিভাগের পরামর্শে এখন ওই সময়টাতে সরিষা চাষ করছেন তারা।
কৃষকদের ভাষ্য, সরিষা একটি স্বল্পমেয়াদি ও লাভজনক ফসল। আড়াই থেকে তিন মাসের মধ্যেই ফসল ঘরে তোলা যায় এবং বোরো চাষ শুরুর আগেই সরিষা বিক্রি করে নগদ অর্থ পাওয়া সম্ভব হয়, যা পরবর্তী আবাদে সহায়ক হচ্ছে।
ভোলাহাট উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুলতান আলী বলেন, সরিষা একটি স্বল্পমেয়াদি অর্থকরী ফসল। কৃষকদের জমি যেন অনাবাদী না থাকে, সে লক্ষ্যে নিয়মিতভাবে সরিষা চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে এবং প্রয়োজনীয় কারিগরি পরামর্শ দেওয়া হচ্ছে। সরিষার আবাদ বৃদ্ধি পেলে ভোজ্যতেলের অভ্যন্তরীণ চাহিদা পূরণে ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, বাজারের ভেজাল ভোজ্যতেলের পরিবর্তে ঘরে তৈরি সরিষার তেল তুলনামূলকভাবে স্বাস্থ্যসম্মত। এ কারণে কৃষকদের সরিষা চাষের পরিধি বাড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে।