বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ

চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
  • সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
Share Now

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনায় শরীফ উদ্দীন দুলাল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে ঘটনার সঙ্গে জড়িত এবং নির্দেশদাতা হিসেবে সন্দেহ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, দুলাল সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়ার বাসিন্দা মকবুল হোসেনের ছেলে। বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি না হলেও তদন্তে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তার নির্দেশে বোমা তৈরি করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছে পুলিশ।

সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে এ ঘটনায় আহত তিনজনসহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।

গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়ার একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে জিহাদ আলী ও আল আমিন নামে দুই যুবক নিহত হন। আহত হন বজলুর রহমান, শুভ ও মিনহাজ আলী। আহতরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পর ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category