বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ

আমরা জাল ভোট দেব না, জাল ভোট দিতেও দেব না: হারুন

Reporter Name
  • সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
আমরা জাল ভোট দেব না, জাল ভোট দিতেও দেব না: হারুনুর
Share Now

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মো: হারুনুর রশীদ বলেছেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার বড় দায়িত্ব বিএনপির। আমরা ভোটকেন্দ্রে চুরি করতে যাব না, ভোটকেন্দ্রে কোনো অনিয়মও করতে যাব না। আমরা জাল ভোট দিতে দেব না, নিজেরাও জাল ভোট দেব না। সোমবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের হাইস্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশীদ বলেন, নির্বাচন ইঞ্জিনিয়ারিং করার জন্য কেউ যদি চক্রান্ত করে, দীর্ঘ পনেরো বছর এ দেশের মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে দেশকে গণতান্ত্রিক উত্তরণের পক্ষে নিয়ে আসার জন্য। প্রশাসন, রিটার্নিং অফিসারসহ সমস্ত প্রশাসনের উদ্দেশ্যে বলছি, জাতির এই ক্রান্তিলগ্নে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়ন করে দেওয়া।

তিনি আরও বলেন, কোনো অবস্থাতেই নির্বাচনে যেন প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং এজেন্টদের মাধ্যমে ন্যূনতম কোনো অনিয়ম পরিলক্ষিত না হয়। যদি পরিলক্ষিত হয়, এই যে আজকে জনমত দেখছেন, নির্বাচনের ভোটকেন্দ্র থেকে কেউ বের হতে পারবেন না, কেউ বের হতে পারবেন না। আমাদের যেন পরিলক্ষিত না হয় যে নির্বাচনকে নিয়ে কোনো টালবাহানা বা অসৎ উদ্দেশ্য চলছে।

প্রতিপক্ষ প্রার্থীকে উদ্দেশ্য করে হারুনুর রশীদ বলেন, আর অন্য রাজনৈতিক দল যারা নির্বাচন করছেন, দয়া করে নির্বাচনের পরিবেশটাকে শান্তিপূর্ণ বজায় রাখুন, নিজেদের কর্মীদের সংযত রাখুন।

তিনি বলেন, আমি গতকালের ঘটনার জামায়াতের এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঘটনার সময় আমি নিজে গাড়িতে উপস্থিত ছিলাম। আবুজার গিফফারী আর আবু বক্কর প্রেস কনফারেন্স দিয়েছেন, আপনারা কি মিছিলে ছিলেন? আমার গাড়িতে যে পরিমাণ বাড়ি মেরেছে, যে পরিমাণ ঢোল বাজিয়েছে, তার উত্তর আপনাকে দিতে হবে। একজন এমপি পদপ্রার্থীর গাড়িতে কী ধরনের সম্মান-মর্যাদা করা উচিত? উশৃঙ্খল ছেলেদের দিয়ে আপনারা এই কাজ করবেন, আর পাল্টা আবার শহরে মিছিল করবেন! মনে করেছেন আমরা হাতে চুড়ি পরে থাকবো? সাবধান করে দিলাম পরিষ্কার কথা।

পোস্টার ছেড়ার অভিযোগ প্রসঙ্গে বিএনপির এই প্রার্থী বলেন, নির্বাচনী আচরণবিধি আপনারা প্রতিদিনই লঙ্ঘন করছেন। তিনি বলেন, আমি দেখলাম মহারাজপুরে রাত একটার সময় নিজেরাই পোস্টার ছিঁড়ছে। উপস্থিত জনগণকে উদ্দেশ্য করে তিনি বলেন, আচ্ছা বলেন, আচ্ছা বলেন তো জামায়াতে ইসলামীর পোস্টার ছিড়ে আমাদের কী দরকার আছে? এটা কি বিএনপির অভ্যাসের মধ্যে পড়ে? বরং আমি প্রমাণ দিতে পারবো, আমাদের পোস্টারের ওপর পোস্টার লাগিয়ে পোস্টার ছিড়ে জামায়াতে ইসলামীর ছেলেরা। অনেক জায়গায় করেছে। কিন্তু আমাদের ছেলেরা এই বেয়াদবি করে না, এই প্রশিক্ষণও নাই।

নির্বাচনী এই সভায় বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু হেনা আতাউল হক কমলের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি অ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category