রাজশাহী সিটি কর্পোরেশনের আওতাধীন নগর স্বাস্থ্য কেন্দ্র-৩ এ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শিশুদের সংক্রামক রোগ থেকে সুরক্ষা নিশ্চিত করতে এই ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে এই টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন এবং শিশুদের মাঝে টিকা প্রয়োগের কার্যক্রম ঘুরে দেখেন।
উদ্বোধনকালে তিনি বলেন, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী আজ থেকে সারা দেশের ন্যায় রাজশাহীর প্রায় ৪৩৮ টি কেন্দ্রে একযোগে হাম রুবেলা টিকা প্রদান করা হচ্ছে।
তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনের আওতায় সকল শিশুকে টিকার আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করতে হবে এবং এ বিষয়ে অভিভাবকদের সচেতনতা বাড়ানো জরুরি।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলার সিভিল সার্জন ডা. এস. আই. এম. রাজিউল করিম। তিনি বলেন, এর আগে গত পাঁচ তারিখ থেকে রাজশাহীর গোদাগারী উপজেলাতে হামের টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে সেটি আগামী ২৫ তারিখ পর্যন্ত চলবে।সেখানে টিকা প্রদানের হার 99.6%। রাজশাহী জেলাতে মোট লক্ষ্যমাত্রা ২ লক্ষ ৯ হাজার ৬শত ৭৩ জন।আমরা এই লক্ষ্যমাত্রা কে সামনে রেখে আজ থেকে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছি।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার গাজিউর রহমানসহ রাজশাহী সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
এই ক্যাম্পেইনের মাধ্যমে নির্ধারিত বয়সসীমার সকল শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনার লক্ষ্যে নগরীর বিভিন্ন কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।