ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৌ অবরোধ কয়েক মাস স্থায়ী হতে পারে—এমন হুঁশিয়ারির পর বুধবার (২৯ এপ্রিল) ব্রেন্ট ক্রুডের দাম দ্রুত বেড়ে যায়। খবর বিবিসির।
এক পর্যায়ে ব্রেন্ট ক্রুডের দাম ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১২২ ডলারে পৌঁছে যায়, যা ২০২২ সালের পর সর্বোচ্চ।
জানা গেছে, প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে শেভরনের প্রধান নির্বাহীসহ বড় জ্বালানি কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে মার্কিন ভোক্তাদের ওপর প্রভাব কমানো এবং তেল-গ্যাস সরবরাহ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
এদিকে, ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বন্দরের ওপর অবরোধ দীর্ঘায়িত করার প্রস্তুতি নিতে ট্রাম্প প্রশাসন তার উপদেষ্টাদের নির্দেশ দিয়েছে। এর মাধ্যমে ইরানের অর্থনীতিতে আরও চাপ সৃষ্টি করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, সরবরাহ ব্যবস্থা দীর্ঘ সময় ব্যাহত হলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের পাশাপাশি নিত্যপণ্যের দামও উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। একই সঙ্গে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর থেকেই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত হয়ে পড়ে। এতে বৈশ্বিক তেল সরবরাহে বিঘ্ন ঘটে এবং বাজারে দীর্ঘদিন ধরেই অস্থিরতা বিরাজ করছে।