মাইক্রোবাস চাপায় এনসিপি নেতাকে হত্যা চেষ্টার অভিযোগ, আহত ৩

রাজশাহীতে জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজুকে মাইক্রোবাস চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৮ ডিসেম্বর) বিকেল সোয়া চারটায় নগরীর চৌদ্দপায় এলাকায় এ ঘটনা ঘটে। এতে আরও দুইজন আহত হয়েছেন।

জানা গেছে, দুপুরে জেলা এনসিপির একাংশ জরুরি সংবাদ সম্মেলন শেষ করে সাজুসহ কয়েকজন মোটরসাইকেলে করে কাটাখালি উপজেলায় একটি ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথিমধ্যে তাদের পিছু নেয় কয়েকটি মোটরসাইকেল। শহর পেরিয়ে অপেক্ষাকৃত ফাঁকা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একই লেনে আসা সিলভার রঙের একটি মাইক্রোবাস তাদের মোটরসাইকেল বহরকে চাপা দেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি বুঝতে পেরে তারা প্রাণরক্ষার্থে মোটরসাইকেল থেকে লাফ দিয়ে পড়ে যান।
ঘটনায় এনসিপি নেতা নাহিদুল ইসলাম সাজু, সদস্য আব্দুর বারি এবং বৈষম্য বিরোধী মিডিয়া সেলের সদস্য সাংবাদিক সোহানুর রহমান সোহান আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, আহতদের মধ্যে দুইজনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে গুরুতর অবস্থায় আব্দুর বারিকে রামেকে ভর্তি রাখা হয়েছে।

চিকিৎসা শেষে হাসপাতালে বাইরে এসে এনসিপি নেতা সাজু বলেন, “সংবাদ সম্মেলন শেষ করে প্রোগ্রামে যাওয়ার পথে আমাদের অনুসরণ করা হয়। এরপর হঠাৎ একটি সিলভার মাইক্রোবাস আমাদের মোটরবাইক বহরে আঘাতের চেষ্টা করে।”
এ ঘটনার পর রাজশাহী মহানগর এনসিপির সদস্য সচিব আতিকুর রহমান হাসপাতালে এসে আহতদের খোঁজখবর নেন। তিনি বলেন, “গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক সাজুর প্রাণনাশের চেষ্টা করা হয়েছে। আমরা শিগগিরই আইনগত ব্যবস্থা নেব।”

ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এখন নেতা কর্মীরা মতিহার থানায় যাচ্ছেন।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice