রাসিক প্রশাসকের সঙ্গে রুয়েট রিপোর্টার্স ইউনিটির সাক্ষাৎ, ইন্টার্নশিপ অব্যাহত রাখার আশ্বাস

প্রতিবেদক: রুয়েট প্রতিনিধি:

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের জন্য প্রতিবছর ইন্টার্নশিপের সুযোগ অব্যাহত রাখার পরিকল্পনা করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। এ কর্মসূচির আওতায় প্রতিবছর ৩০ জন শিক্ষার্থীকে ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

সোমবার (২ নভেম্বর) রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রুয়েটের সাংবাদিক সংগঠন রুয়েট রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ) প্রতিনিধিরা। এ সময় শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, নগর পরিকল্পনায় প্রকৌশলীদের সম্পৃক্ততা এবং বিশ্ববিদ্যালয়সংলগ্ন বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে আলোচনা হয়।

ইন্টার্নশিপ কর্মসূচি অব্যাহত রাখার বিষয়ে প্রশাসক বলেন, ‘এ বছর রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ব্যবস্থা করা হয়েছিল। এটা প্রতিবছরই থাকবে। ৩০ জন করে শিক্ষার্থীকে ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। আমি থাকি বা না থাকি, এটি একবার চালু হয়েছে, চলমান থাকবে।’ পাশাপাশি রুয়েট শিক্ষার্থীদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, ইতোমধ্যে কর্মসূচির প্রথম ব্যাচে রুয়েটের ১৮ জন শিক্ষার্থী রাসিকে ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন। এর মাধ্যমে তাঁরা নগর ব্যবস্থাপনা, প্রকৌশল কার্যক্রম ও উন্নয়ন প্রকল্প সম্পর্কে সরাসরি কাজের অভিজ্ঞতা অর্জন করছেন। প্রশাসক মনে করেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে ধারণা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনে সহায়ক হবে। ইন্টার্নশিপে অংশ নেওয়া শিক্ষার্থীরাও প্রথমবারের মতো এমন সুযোগ পেয়ে আনন্দিত।

সাক্ষাৎকালে নগর পরিকল্পনায় প্রকৌশলীদের ভূমিকা ও তাঁদের অংশগ্রহণের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন প্রতিনিধিরা। এ সময় রুয়েট ক্যাম্পাসে ফ্যাসিস্ট আমলে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, পাবলিক টয়লেটের ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়ের আশপাশের ব্যস্ত সড়কে থাকা স্পিড ব্রেকারের বিষয়গুলো তুলে ধরা হয়। এসব সমস্যার সমাধান ও নগরীর নাগরিক সুবিধা উন্নয়নের বিষয়েও আলোচনা হয়।

সাক্ষাতে আরআরইউর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনটির দপ্তর সম্পাদক তৌফিক আহমেদ, মিডিয়া সম্পাদক মারুফ বিল্লাহ রিফাত, অর্থ সম্পাদক মোহাম্মদ আদিল চৌধুরী, ইভেন্ট কো-অর্ডিনেটর শারমিন আক্তার, কার্যনির্বাহী সদস্য এ.এস.এম. হাফিজ শাহরিয়ার এবং মো. নূর এ তাসনিম শীষ।

এর আগে গত ১৪ জুলাই রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সাক্ষাৎ করেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আবদুর রাজ্জাক। ওই বৈঠকে নগরীর উন্নয়ন, শিক্ষা ও গবেষণার প্রসার, পরিবেশ সংরক্ষণ, স্মার্ট সিটি গঠন এবং দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। সে সময় রুয়েট শিক্ষার্থীদের জন্য রাসিকে ইন্টার্নশিপের সুযোগ তৈরির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

রাসিকের নগর অবকাঠামো উন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা, নগর পরিকল্পনা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে রুয়েট শিক্ষার্থীদের যুক্ত করার প্রত্যাশা রয়েছে। সংশ্লিষ্টদের আশা, এর ফলে শিক্ষার্থীরা তাঁদের একাডেমিক জ্ঞান বাস্তব ক্ষেত্রে প্রয়োগের সুযোগ পাবেন এবং পেশাগত দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতা অর্জন করবেন।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice