মান্দায় ধর্ষণচেষ্টার অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক: নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর মান্দায় এক তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ এবং এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ সময় অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার ভালাইন ইউনিয়নের বৈলশিং মধ্যপাড়া ঈদগাহ মাঠ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্থানীয়রা অভিযোগ করেন, বৈলশিং সাহাপাড়া গ্রামের এক তরুণীকে ধর্ষণচেষ্টার ঘটনায় শফি প্রামাণিকের ছেলে শিশ মো. আল মামুন জড়িত। এ ঘটনায় তার বিচারের দাবি জানান তারা। একই সঙ্গে ঘটনাটি নিয়ে অপপ্রচার চালানোর অভিযোগে ফারুক প্রামাণিক, জামান প্রামাণিক ও এমদাদুল মণ্ডলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।

মানববন্ধনে ভুক্তভোগী তরুণীর ফুফু সেলিনা বেগম অভিযোগ করে বলেন, ঘটনার দিন মাগরিবের আজানের পর পরিবারের সদস্যরা মসজিদে নামাজ আদায়সহ বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। বাড়ির পাশের জমিতে পানি দেওয়ার কাজও চলছিল। এ সুযোগে অভিযুক্ত আল মামুন পানি খাওয়ার কথা বলে বাড়িতে প্রবেশ করেন। পরে তরুণীকে পেছন থেকে জড়িয়ে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ধস্তাধস্তিতে তরুণীর পরনের কাপড় ছিঁড়ে যায়। তার চিৎকার শুনে তিনি ও আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে আটক করেন বলে দাবি করেন সেলিনা বেগম।

ভুক্তভোগীর পরিবারের দাবি, তরুণীর মা দুই বছর আগে মারা গেছেন। তার বাবা শারীরিক প্রতিবন্ধী এবং ঠিকমতো কথা বলতে পারেন না। পরিবারের এমন অসহায় পরিস্থিতির সুযোগ নিয়েই অভিযুক্ত ওই যুবক এ ঘটনা ঘটিয়েছেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল লতিফ বলেন, একজন অসহায় তরুণীর সঙ্গে এমন ঘটনার বিচার চাওয়ার পরিবর্তে উল্টো বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালানো হচ্ছে। এ ছাড়া কয়েকজন ব্যক্তি অভিযুক্তের পক্ষে অবস্থান নিয়ে বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি।

মানববন্ধনে বক্তারা বলেন, এ ধরনের ঘটনায় কোনোভাবেই ভুক্তভোগী পরিবারকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা বা বিচারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা উচিত নয়। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, সুষ্ঠু বিচার, অভিযোগের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগী তরুণী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice