প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছ ইশরাক হোসেন

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:

মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনকে কেন্দ্র করে সমালোচনার মুখে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন জানান, তিনি প্রধানমন্ত্রীর কাছে প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন এবং প্রধানমন্ত্রী তাঁর সেই আবেদনে সম্মতি দিয়েছেন।

নিজের বক্তব্যে ইশরাক বলেন, গত ১২ ফেব্রুয়ারি ঢাকা-৬ আসন থেকে জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নেন তিনি। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন। সেই অনুযায়ী তিনি দায়িত্ব পালন করে আসছিলেন।

সম্প্রতি তাঁর একটি কর্মকাণ্ড নিয়ে দেশি-বিদেশি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় বিষয়টি ব্যাখ্যা করতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন বলে জানান তিনি।

ইশরাক বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার সময় তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন। একই সঙ্গে জানান, তাঁর কারণে যেন প্রধানমন্ত্রী ও সরকারের কর্মকাণ্ড ম্লান না হয়। তবে প্রতিমন্ত্রীর পদ ছাড়লেও মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলন চলাকালে কক্ষে প্রায় দুই শতাধিক দলীয় নেতাকর্মী প্রবেশ করলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরে ইশরাক নিজেই মাইকে নেতাকর্মীদের সংবাদ সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে বাইরে অবস্থান নেওয়ার নির্দেশ দেন।

এর আগে রোববার রাতে ইশরাকের পদত্যাগের খবর ছড়িয়ে পড়লেও তাঁর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেই খবরকে অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করেছিলেন।

উল্লেখ্য, গত শনিবার রাজধানীর গেন্ডারিয়া রেললাইনসংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে ইশরাকের উপস্থিতির ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপর রোববার তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর প্রকাশিত হয়। এর পরদিনই সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিলেন তিনি।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice