মাদক সেবনের অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) লেফটেন্যান্ট শহীদ সেলিম হলের চার শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাঁদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। চার শিক্ষার্থীই ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের। তাঁদের মধ্যে দুজন ২১ সিরিজের এবং দুজন ২২ সিরিজের শিক্ষার্থী।
এর আগে ১৬ সেপ্টেম্বর রাতে সেলিম হলে মাদকবিরোধী তল্লাশি চালায় ছাত্রকল্যাণ দপ্তর। তল্লাশির সময় একটি কক্ষে কয়েকজন শিক্ষার্থীর গাঁজা সেবনের অভিযোগ ওঠে। তবে তল্লাশি দল পৌঁছানোর আগেই সংশ্লিষ্ট শিক্ষার্থীরা কক্ষ ছেড়ে যান। পরে কক্ষে গাঁজা সেবনের দৃশ্যমান আলামত না মিললেও গাঁজার গন্ধ পাওয়া যায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পরে হলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের শনাক্ত করা হয়। তাঁদের ছাত্রকল্যাণ দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিকভাবে ছয়জনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলেও পরবর্তী তদন্ত ও প্রতিবেদনের ভিত্তিতে চারজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, তল্লাশি অভিযানের প্রতিবেদন, আলামত ও আনুষঙ্গিক প্রমাণ পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শৃঙ্খলা এবং ‘Ordinance related to Discipline’-এর ৪ ও ৬ ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। আদেশ অনুযায়ী, চার শিক্ষার্থীর সিট বাতিলের পাশাপাশি তাঁদের হল থেকে বহিষ্কার করা হয়েছে। আদেশ জারির তিন কার্যদিবসের মধ্যে তাঁদের হল ছাড়তে বলা হয়েছে।
এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি কমিটিতে পাঠানো হয়েছে। ফলে সিট বাতিল ও হল বহিষ্কারের বাইরে তাঁদের বিরুদ্ধে আরও কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, তা কমিটির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
