রাজশাহীর পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ী ও দুই মাদকসেবীকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে পুঠিয়া উপজেলার ধোপাপাড়া, শিবপুর হাট ও মোহনপুর এলাকায় এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আটক ব্যক্তিরা হলেন—মোহনপুর এলাকার খোরশেদ আলমের ছেলে জাহাংগীর আলম, ধোপাপাড়া এলাকার মৃত ইয়াছিনের ছেলে লিটন শেখ এবং শিবপুর হাট এলাকার সোলেমান খানের ছেলে সেলিম রেজা রবি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে আটক তিনজনের মধ্যে একজনকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর দুইজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাদের অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যুবসমাজ ও সামাজিক শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।
মাদকবিরোধী এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে উপজেলা প্রশাসন।
