রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান পদে মো. আবুল কালাম আজাদ (সুইট)-কে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮-এর ধারা ৫(২) অনুযায়ী মো. আবুল কালাম আজাদকে চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
এতে আরও বলা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

মো. আবুল কালাম আজাদ রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে পরিচিত ব্যক্তি। তিনি রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি, মহানগর যুবদলের সাবেক সভাপতি এবং বর্তমানে রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তার এ নিয়োগ কার্যকর হয়েছে।
