মান্দায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা,আটক ৪

প্রতিবেদক: ​নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে আব্দুল হামিদ (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। আজ রোববার (৭ জুন) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ছুটিপুর পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

​নিহত আব্দুল হামিদ ওই গ্রামের মেহের আলী শাহের ছেলে। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তাৎক্ষণিকভাবে ৪ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, হায়দার আলী শাহ (৬২), আপেল মাহমুদ (২৫), আলেফা বিবি (৫০) ও আব্দুল মতিন (৪০)।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আব্দুল হামিদের সঙ্গে শরিকান জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী হায়দার আলী শাহের বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও চলছে। আজ রোববার সকালে হায়দার আলী শাহের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ওই বিবাদমান জমিতে জোরপূর্বক হালচাষ করতে যান। এ সময় আব্দুল হামিদ তাদের বাধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে বেধড়ক পিটিয়ে ঘটনাস্থলেই হত্যা করে।

নিহত বৃদ্ধের পুত্রবধূ রাজিয়া সুলতানা বলেন,
​ঘটনাটি মূলত জমি দখল নিয়ে। জমির মামলাটি মীমাংসা না হতেই হায়দার, মতিন, আপেল ও আলেফা এই চারজন আমাদের জমিতে জোর করে হাল চাষ করতে আসে। আমার শ্বশুর ও পরিবারের পুরুষ সদস্যরা যখনই তাদের বাধা দিতে যান, তখনই ওরা লাঠি-সোটা নিয়ে আক্রমণ করে। একপর্যায়ে হায়দরের ছেলে আপেল একটা মোটা লাঠি দিয়ে আমার শ্বশুরের পাঁজরে সজোরে আঘাত করে এবং সাথে সাথে স্পটেই ওনার জীবন চলে যায়। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।

​স্থানীয় বাসিন্দা উজ্জল হোসেন জানান, আব্দুল হামিদের ভোগদখলীয় জমি জবরদখল করতে হায়দার আলী সংঘবদ্ধ হয়ে হালচাষ করতে যান। আব্দুল হামিদ নিজের জমি রক্ষা করতে বাধা দিলে তাকে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলা হয়।

​খবর পেয়ে মান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত আব্দুল হামিদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

​মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice