রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় রাজশাহী মেডিকেল কলেজের এক শিক্ষার্থী দম্পতি এবং আরও দুই শিক্ষার্থীর পরিবারের কয়েকজন সদস্য মারা গেছেন। এ ঘটনায় রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় পৃথক বার্তায় শোক প্রকাশ করে নিহতদের মাগফেরাত কামনা করেছেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও শাখা ছাত্রদল নেতারা।
জানা গেছে, বুধবার (২৫ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি বাস রাজবাড়ির দৌলতদিয়া ৩ নম্বর ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর নদীতে পড়ে যায়। বাসটিতে ৪৫ থেকে ৫০ জন যাত্রী থাকলেও মাত্র সাতজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। বাসডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়ায়। নিহতদের মধ্যে ১১ জন নারী, ৮ জন শিশু ও ৮ জন পুরুষ রয়েছেন বলে পুলিশ জানায়।
নিহতদের মধ্যে রয়েছেন ডা. জোহরা অন্তি নামে এক মেডিকেল শিক্ষার্থী। তিনি রাজশাহী মেডিকেলের ডেন্টাল ইউনিটের বিডিএস ২৯তম ব্যাচের (২০১৭-২০১৮ সেশন) শিক্ষার্থী। এ সময় তার চিকিৎসক স্বামীও প্রাণ হারান। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজের ৫৩ তম এমবিবিএস ব্যাচের ডা. মাহমুদুল হাসান রাইয়ানের শ্বাশুড়ি, শ্যালক ও ভাগ্নে নিহত হন। তার স্ত্রী ডা. সাবা প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তাছাড়া রাজশাহী মেডিকেল কলেজের ৫৫তম এমবিবিএস ব্যাচের ডা. ফাতেমা ফারহানা সোনিয়ার মা নিহত হয়েছেন। বুধবার (২৫ মার্চ) রাতে নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় রাজশাহী মেডিকেল কলেজজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. খন্দকার ফয়সল আলম এক বার্তায় তাদের মৃত্যুতে সকল শিক্ষকের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মরহুম/মরহুমার বিদেহি আত্মার মাগফেরাত কামনা করে সকলকে দোয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।
প্রফেসর ডা. খন্দকার ফয়সল আলম খন্দকার বলেন, খুবই মর্মান্তিক এই ঘটনা প্রতিটি মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে। এমন বাস্তবতা মেনে নেওয়া খুবই কঠিন। আমরা নিহতদের মাগফেরাত কামনা করছি।
এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে পৃথক বার্তায় শোক প্রকাশ করা হয়েছে। রামেক শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আমরি মীম ও সাধারণ সম্পাদক রিমন আলী যৌথ এক শোক বার্তা নিহতদের জন্য জান্নাত কামনা করেন। এছাড়া আহতদের সুস্থতা কামনা করেন তারা।
