৫০ ঘণ্টা আলোচনা হবে রাষ্ট্রপতির ভাষণের ওপর

প্রতিবেদক: ডেইলি সিটিজেন ভয়েস

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের স্থায়িত্বকাল ও কার্যসূচি নির্ধারিত হয়েছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই অধিবেশন চলবে বলে সিদ্ধান্ত নিয়েছে সংসদের কার্য উপদেষ্টা কমিটি। এছাড়া রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

বৈঠকে অংশগ্রহণ করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, এ টি এম আজহারুল ইসলাম, বিরোধীদলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং মুহাম্মদ নওশাদ জমির। স্পিকারের বিশেষ আমন্ত্রণে বৈঠকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও অংশগ্রহণ করেন।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল ৩টা থেকে অধিবেশন শুরু হবে। আগামী ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত হবে। প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।

চলতি অধিবেশনে সংসদ সচিবালয়ে চারশর বেশি প্রশ্ন ও নোটিশ জমা পড়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর জন্য ৮টি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ৪৬০টিসহ মোট ৪৬৮টি প্রশ্ন পাওয়া গেছে। এছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ২৭টি। বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত-প্রস্তাবের সংখ্যা ৯৭টি।

বৈঠকে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা সাচিবিক সহায়তা প্রদান করেন। এছাড়া সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice