ফ্যাসিবাদ থেকে আংশিক নয়, পূর্ণ মুক্তি চাই: জামায়াত আমির

প্রতিবেদক: ডেইলি সিটিজেন ভয়েস

সাংবিধানিক তিন অঙ্গকে ঠিক রাখতে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমকে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের অন্য তিন স্তম্ভ সোজা পথে চলতে বাধ্য হবে। কিন্তু চতুর্থ স্তম্ভ ব্যর্থ হলে বাকি তিনটিও স্বয়ংক্রিয়ভাবে ভেঙে পড়বে। আমরা সেই ব্যর্থতা আর দেখতে চাই না।’

শনিবার (১৪ মার্চ) দুপুরে রাজধানীর ঢাকা লেডিস ক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করে ডা. শফিকুর রহমান বলেন, সাদাকে সাদা এবং কালোকে কালো বলার মাধ্যমে গণমাধ্যম একটি উন্নত রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদী শাসনামলে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বাধা দিয়ে কণ্ঠরোধ করার যে প্রক্রিয়া চলেছিল, তার রেশ এখনো রয়ে গেছে।

তিনি বলেন, ‘আমরা ফ্যাসিবাদ থেকে আংশিক নয়, বরং পূর্ণ মুক্তি চাই। ফ্যাসিবাদ কখনো জাতিকে ভালো কিছু দিতে পারেনি।’ সাংবাদিকদের ‘জাতির বিবেক’ উল্লেখ করে তিনি বীরের মতো আপসহীনভাবে চলার আহ্বান জানান।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, জামায়াতে ইসলামী সাংবাদিকদের কণ্ঠের পাহারাদারের দায়িত্ব পালন করবে, তবে তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে সরকারি দলকে। জাতীয় স্বার্থে কোনো আপস করা হবে না জানিয়ে তিনি বলেন, ‘সরকারি দল জাতীয় ইস্যুতে সঠিক পথে থাকলে আমরা পাশে থেকে শক্তি জোগাব, কিন্তু বিচ্যুত হলে তাদের সোজা রাস্তায় আনার চেষ্টা করব, প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলব।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, কুরআনের আদর্শে পরিচালিত হলে বাংলাদেশ হবে এক মানবিক কল্যাণ রাষ্ট্র। ফ্যাসিবাদী গোষ্ঠীর চক্রান্ত রুখতে সাংবাদিক সমাজকে দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান তিনি।

ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে এবং সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির পরিচালনায় ইফতার মাহফিলে আরও বক্তব্য দেন দৈনিক নয়াদিগন্তের সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী প্রমুখ।

সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থাকলেও শান্তি বজায় রাখতে জামায়াত ফলাফল মেনে নিয়েছে। তিনি সরকারি দলকে জনগণের রায় উপেক্ষা না করে চলতি অধিবেশনেই ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর শপথ নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice