পায়ুপথে ৫৩ লাখ টাকার স্বর্ণ পাচারের চেষ্টা, সোনামসজিদে আটক ১

প্রতিবেদক: ডেইলি সিটিজেন ভয়েস

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর (আইসিপি) থেকে প্রায় ৫৩ লাখ ৯৪ হাজার ৬০০ টাকা মূল্যের স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে নিয়মিত তল্লাশি কার্যক্রম চলাকালে তাকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ সোনামসজিদ আইসিপিতে বিকেল আনুমানিক ৫টার দিকে নিয়মিত চেকিং চলছিল। এ সময় বাংলাদেশি নাগরিক মো. সানি মাই (২৭) পাসপোর্ট নম্বর A12776759, পিতা মো. রফিকুল ইসলাম, গ্রাম বড় বড়াই কাউরাইদ, পোস্ট জয়ধরখালি, থানা গফরগাঁও, জেলা ময়মনসিংহকে সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হয়।

তল্লাশির সময় আর্চওয়ে মেটাল ডিটেক্টরে তার দেহে ধাতব পদার্থের উপস্থিতি ধরা পড়ে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ বহনের কথা স্বীকার করেন।

পরবর্তীতে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে থানা পুলিশের উপস্থিতিতে এক্স-রে করা হলে তার পায়ুপথে স্বর্ণ থাকার বিষয়টি নিশ্চিত হয়। পরে চিকিৎসকের তত্ত্বাবধানে তার পায়ুপথ থেকে দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ২৩১ দশমিক ৮১ গ্রাম। চাঁপাইনবাবগঞ্জ স্বর্ণ জুয়েলারি সমিতি পরীক্ষার মাধ্যমে স্বর্ণের সত্যতা নিশ্চিত করেছে।

বিজিবি জানায়, রাজস্ব ফাঁকি দিতে চোরাকারবারীরা বিভিন্ন কৌশল অবলম্বন করলেও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শেষে তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice