ঈদযাত্রায় সতর্কতা জরুরি: আনন্দ যেন না হয় শোকের কারণ

প্রতিবেদক: ডেইলি সিটিজেন ভয়েস

প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যায়। কর্মব্যস্ত নগরী থেকে কিছুদিনের জন্য হলেও মানুষ প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে ছুটে যায় চিরচেনা নিজের বাড়িতে। নাড়ির টানে ঘরে ফেরা মানুষের এই যাত্রা শুরু হয় পবিত্র ঈদ এলেই। মনে পড়ে সেই গানের কথা, “স্বপ্ন যাবে বাড়ি আমার”। ভোগান্তি ও দীর্ঘ যাত্রাপথ সত্ত্বেও মানুষ ছুটে চলে গ্রামের বাড়ি, পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে।

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই আনন্দময় যাত্রাই অনেক সময় সড়ক দুর্ঘটনার কারণে শোকের ঘটনায় পরিণত হয়। অতিরিক্ত গতি, ড্রাইভারদের তাড়াহুড়া ও অসতর্কতা মুহূর্তেই অনেক পরিবারের স্বপ্ন ভেঙে দেয়।

একটি হৃদয়বিদারক ঘটনা মনে পড়ে। ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন এক বাবা। ছোট্ট মেয়েটি সারারাত বাবার জন্য অপেক্ষা করেছিল। ফোনে বলেছিল, “বাবা তুমি কতদূর? আমি তোমার জন্য ঘুমাইনি, তুমি আসলেই আমি ঘুমাব।” কিন্তু গভীর রাতে পরিবারের কাছে খবর আসে, সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেছেন। মুহূর্তেই নিভে যায় একটি পরিবারের সব স্বপ্ন।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ঈদুল ফিতরকে কেন্দ্র করে মাত্র ১৫ দিনে দেশে ৩১৫টি সড়ক দুর্ঘটনায় ৩২২ জন নিহত এবং ৮২৬ জন আহত হয়েছেন। মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা সবচেয়ে বেশি।

সচেতনতার গুরুত্ব অনস্বীকার্য। কোনো দিন না ফেরার চেয়ে দেরিতে বাড়ি ফেরা অনেক ভালো। ঘরে প্রিয়জনরা অপেক্ষা করছে তাদের প্রিয় মানুষটির জন্য। সচেতনতা ও ট্রাফিক আইন মেনে চললেই সড়ক হবে নিরাপদ, কমবে দুর্ঘটনা, বাঁচবে অসংখ্য প্রাণ।

মৃত্যু অনিবার্য এটি চিরন্তন সত্য। কিন্তু প্রিয় মানুষদের অস্বাভাবিক মৃত্যু মেনে নেওয়া সত্যিই কঠিন। নানা দুর্ভোগ পেরিয়ে মানুষ যখন পরিবারের টানে ঈদের আনন্দ ভাগ করতে ছুটে আসে, তখন সতর্ক থাকা সবার দায়িত্ব। একটি দুর্ঘটনা শুধু একজন মানুষের জীবনই কেড়ে নেয় না, এটি ধ্বংস করে দেয় একটি পুরো পরিবার, একটি শিশুর ভবিষ্যৎ এবং একটি মায়ের আশা।

ঈদের আনন্দযাত্রা যেন আর কোনো পরিবারের জন্য শোকের গল্প না হয়ে ওঠে, তার জন্য প্রয়োজন সম্মিলিত সচেতনতা। ড্রাইভারদের দায়িত্বশীলভাবে গাড়ি চালানো, ট্রাফিক আইন মেনে চলা এবং অতিরিক্ত গতি পরিহার করা এখন সময়ের দাবি।

কোনো জায়গায় হয়তো এখনও একটি ছোট্ট মেয়ে জেগে আছে, তার বাবার জন্য অপেক্ষা করে।

তাই তাড়াহুড়া নয়, নিরাপদ যাত্রাই হোক আমাদের সবার অঙ্গীকার।
আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি।

এই ঈদে আপনার যাত্রা শুভ ও নিরাপদ হোক।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice