চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশন এলাকায় তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
শনিবার (২৪ জানুয়ারি) বেলা পৌনে ১টার দিকে খুলনা থেকে আমনুরা বিদ্যুৎ পাওয়ার প্লান্টগামী তেলবাহী ট্রেনটি আমনুরা স্টেশন এলাকায় লাইনচ্যুত হয়। তবে প্রাথমিকভাবে লাইনচ্যুতের কারণ জানা যায়নি।
রেলওয়ে সূত্র জানায়, ট্রেনটিতে মোট ৩০টি তেলবাহী ওয়াগন ছিল। এর মধ্যে দুটি ওয়াগন লাইনচ্যুত হয়। ঘটনার ফলে আমনুরা থেকে রাজশাহীগামী লোকাল কমিউটার ট্রেনটি নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। এতে সাময়িকভাবে রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
আমনুরা স্টেশন মাস্টার হাসিবুল জানান, খুলনা থেকে আসা পাওয়ার প্লান্টগামী ট্রেনটি দুপুর ১২টা ৪৫ থেকে ১২টা ৫০ মিনিটের মধ্যে লাইনচ্যুত হয়। এ কারণে বেলা ১টার দিকে রাজশাহীগামী কমিউটার ট্রেনটি ছাড়তে পারেনি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
