২২ তম জাতীয় তায়কোয়ানডোতে ২য় রানারআপ রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রতিবেদক: ডেইলি সিটিজেন ভয়েস

২২তম জাতীয় সিনিয়র/জুনিয়র তায়কোয়ানডো প্রতিযোগিতা (২০২৫–২৬)-এ ২য় রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) তায়কোয়ানডো দল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে মোট ১৬টি ওজন ক্যাটাগরির মধ্যে ৭টিতে রৌপ্য এবং ৫টিতে তাম্র পদক জিতে নেয় বিশ্ববিদ্যালয়ের দলটি।

গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় ঢাকার ন্যাশনাল হ্যান্ডবল স্টেডিয়ামে তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয় এবং আজ শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এ আয়োজন শেষ করা হয়।

মহিলা ও পুরুষ উভয় বিভাগেই ধারাবাহিক সাফল্য দেখিয়ে রাবির শিক্ষার্থীরা প্রমাণ করেছেন জাতীয় অঙ্গনে বিশ্ববিদ্যালয়টির ক্রীড়া সক্ষমতা ও সম্ভাবনা দিন দিন আরও উজ্জ্বল হচ্ছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় দলের হয়ে মহিলা বিভাগের বিভিন্ন ওজন ক্যাটাগরিতে রৌপ্য পদক অর্জন করেন— (-৪৬ কেজি) আরমিন জাহান আভা, (-৪৯ কেজি) রাইয়া আমিন, (-৫৩ কেজি) লাবণ্য, (-৬২ কেজি) তাসনুভা, (-৬৭ কেজি) সাবাহ কানেতা তারিক, (-৭৩ কেজি) মরিয়ম এবং (+৭৩ কেজি) সাবিহা।

অন্যদিকে পুরুষ বিভাগের বিভিন্ন ওজন ক্যাটাগরিতে তাম্র পদক অর্জন করেন— (-৫৪ কেজি) শাহীন আলী, (-৫৮ কেজি) সামিউল, (-৮০ কেজি) কামরুজ্জামান, (-৮৭ কেজি) চৈতন্য এবং (+৮৭ কেজি) রিয়াদ।

এছাড়া পুমসে একক পুরুষ বিভাগে তাম্র পদক অর্জন করেন শাহীন আলী। টিম পুরুষ বিভাগে শাহীন, অনন্য ও সামিউলের সমন্বয়ে গঠিত দলটি তিনটি তাম্র পদক লাভ করে। মিক্সড (পুরুষ ও মহিলা) বিভাগে শাহীন আলী ও রাইয়া আমিন রৌপ্য পদক অর্জন করেন। টিম মহিলা বিভাগে রৌপ্য পদক জিতে নেন রাইয়া, লাবণ্য ও লুবা।

উল্লেখ্য, এর আগের ২১তম জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতায়ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মহিলা তায়কোয়ানডো দল তৃতীয় স্থান অর্জন করে ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখেছিল।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice