প্রচারণার প্রথম দিনেই দাঁড়িপাল্লার ব্যানার পোড়ানোর অভিযোগ

প্রতিবেদক: ডেইলি সিটিজেন ভয়েস

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই দাঁড়িপাল্লা প্রতীকের ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল অভিযোগ করে বলেন, রাতের আঁধারে প্রতিপক্ষ প্রার্থীর কর্মী-সমর্থকরা পরিকল্পিতভাবে তার নির্বাচনী ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলেছে। এ বিষয়ে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাবেন বলেও জানান।

তিনি বলেন, সকালে বিভিন্ন এলাকায় তার নির্বাচনী ফেস্টুন পোড়ানো ও ছিঁড়ে ফেলার চিত্র দেখতে পেয়েছেন দলের কর্মী-সমর্থকরা। নুরুল ইসলাম বুলবুলের দাবি, প্রতিপক্ষ প্রার্থীর লোকজন রাতের অন্ধকারে এ ঘটনা ঘটিয়েছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি আরও বলেন, ব্যানার-ফেস্টুন ছিঁড়ে বা পুড়িয়ে দাঁড়িপাল্লার বিজয় ঠেকানো যাবে না। এ ঘটনায় তিনি দলের কর্মী-সমর্থকদের ধৈর্য ও সংযম বজায় রাখার নির্দেশ দেন। একই সঙ্গে প্রতিপক্ষ প্রার্থী নিজ দলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসনের মুখপাত্র অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হোসেন তরফদার বলেন, এ বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ, জামায়াতের নুরুল ইসলাম বুলবুল, গণঅধিকার পরিষদের মো. শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের মনিরুল ইসলাম এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর মো. ফজলুর ইসলাম খাঁন।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৪৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৬ হাজার ৬৫০ জন এবং নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ৮২৯ জন।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice