চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে ভোট দিতে ১০৬ বন্দির আবেদন

প্রতিবেদক: ডেইলি সিটিজেন ভয়েস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে ১০৬ জন বন্দি আবেদন করেছেন। যদিও বর্তমানে কারাগারে গড়ে ছয় শতাধিক বন্দি রয়েছেন, সেই তুলনায় আবেদনকারীর সংখ্যা এক ষষ্ঠাংশেরও কম।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, কারাবন্দিদের ভোটদানের বিধান আগে থাকলেও ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনেই প্রথমবারের মতো তারা ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং’ (আইসিপিভি) পদ্ধতিতে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এ কারণে এবার অন্যান্য নির্বাচনের তুলনায় পোস্টাল ভোট বিষয়ে প্রচার-প্রচারণা চালানো হয়। এর প্রেক্ষিতেই চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের ১০৬ জন বন্দি ভোটদানের জন্য আবেদন করেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. আমজাদ হোসেন বলেন, কারাগারে গড়ে প্রায় সাড়ে ছয় শতাধিক বন্দি থাকে। রোববার (১৮ জানুয়ারি) সকালে বন্দির সংখ্যা ছিল ৬৪২ জন। তাদের মধ্যে ১০৬ জন পোস্টাল ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন। এদের মধ্যে ইতোমধ্যে ৯ জন মুক্তি পেলেও তারা পোস্টাল ব্যালটের মাধ্যমেই ভোট প্রদান করবেন।

নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী, জেলখানা বা আইনি হেফাজতে আটক ভোটাররা এবার আইসিপিভি পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বন্দি ভোটারদের তালিকা অনুমোদন করা হবে।

নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত একটি বিশেষ ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে। এ কার্যক্রম পরিচালনার জন্য জেলখানা বা আইনি হেফাজত কর্তৃপক্ষ দুজন করে প্রতিনিধি মনোনয়ন দেবেন। নিবন্ধন শেষে সিল ও স্বাক্ষরযুক্ত তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হবে এবং একই সঙ্গে প্রয়োজনীয় তথ্য নির্ধারিত পোর্টালে আপলোড করা হবে।

নিবন্ধিত ভোটাররা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পোস্টাল ব্যালট গ্রহণ করবেন। এই খামে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য পৃথক ব্যালট পেপার, ভোট প্রদানের নির্দেশনা, ঘোষণাপত্র এবং ফেরত খাম থাকবে।

কর্তৃপক্ষ ভোটদানের জন্য কারাগারের ভেতরে গোপন ভোটকক্ষ প্রস্তুত করবে। পোস্টাল ব্যালট পেপারে প্রার্থীর নাম থাকবে না, কেবল প্রতীক ও প্রতীকের পাশে ফাঁকা ঘর থাকবে। ভোটাররা সংশ্লিষ্ট প্রতীকের পাশে টিক (√) বা ক্রস (×) চিহ্ন দিয়ে ভোট প্রদান করবেন। ভোট দেওয়ার আগে ঘোষণাপত্রে নাম ও জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে স্বাক্ষর করতে হবে। স্বাক্ষর দিতে অক্ষম হলে অন্য একজন ভোটারের মাধ্যমে তা সত্যায়ন করা হবে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice