১১ দফা দাবিতে রুয়েট সিএসই বিভাগের শিক্ষার্থীদের আন্দোলন,ক্লাস-পরীক্ষা বর্জন

প্রতিবেদক: রুয়েট প্রতিনিধি:

১১ দফা দাবি আদায়ে ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২১-২৫ সিরিজের শিক্ষার্থীরা। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া আন্দোলন রোববার (১৩ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে।

শিক্ষার্থীদের দেওয়া সময়সীমা শেষ হলেও কর্তৃপক্ষের কাছ থেকে দাবিগুলোর বিষয়ে লিখিত সিদ্ধান্ত বা প্রতিশ্রুতি না আসায় কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

শিক্ষার্থীরা বলছেন, বিভাগীয় পর্যায়ে কিছু প্রশাসনিক সিদ্ধান্ত ও একাডেমিক ব্যবস্থাপনায় অসামঞ্জস্য রয়েছে। পাশাপাশি বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের মতামত উপেক্ষা করা হচ্ছে, যা একাডেমিক পরিবেশের পাশাপাশি তাদের মানসিক স্বস্তিতেও প্রভাব ফেলছে।

বিশেষ করে ২৫ সিরিজের শিক্ষার্থী মো. মেহরাব হোসাইনের আকস্মিক মৃত্যুর পরের পরিস্থিতিকে আন্দোলনের গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখছেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, সহপাঠীর মৃত্যুর পর তাদের মানসিক অবস্থার বিষয়টি বিবেচনায় না নিয়ে পরীক্ষায় অংশগ্রহণে বাধ্য করা হয়েছিল।

১১ দফা দাবিতে প্রশাসনের আনুষ্ঠানিক ব্যাখ্যা ও দুঃখপ্রকাশের পাশাপাশি শিক্ষার্থীদের মতপ্রকাশ ও ব্যক্তি স্বাধীনতার প্রতি সম্মান নিশ্চিত করার কথা বলা হয়েছে। সিটি, সেমিস্টার ও পরীক্ষার সময়সূচি নির্ধারণে শিক্ষার্থীদের মতামত গ্রহণ এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত মতবিনিময়ের ব্যবস্থার দাবিও রয়েছে।

দাবিগুলোর অন্য বিষয়গুলোর মধ্যে রয়েছে—অসুস্থতার কারণে অনুপস্থিতি ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ যথাযথভাবে বিবেচনা, ফলাফলে অবনতির কারণ বিশ্লেষণ, ওবিই পদ্ধতির যথাযথ বাস্তবায়ন এবং প্রশ্নপত্রে শ্রেণিকক্ষে পড়ানো বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত করা। একই সঙ্গে পরিচয় গোপন রেখে স্বচ্ছ শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা চালুর দাবিও জানিয়েছেন শিক্ষার্থীরা।

শনিবার আন্দোলন চলাকালে বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শহীদ উজ জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় শিক্ষার্থীরা তাদের বিভিন্ন অভিযোগ, দাবি ও প্রশ্ন তুলে ধরেন। বিভাগীয় প্রধান প্রশ্নগুলোর জবাব দেওয়ার পাশাপাশি দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে মৌখিক আশ্বাস দেন।

এর পর শিক্ষার্থীরা লিখিত নিশ্চয়তার দাবি জানান। তাদের নির্ধারিত সময় অনুযায়ী, রোববার সকাল সাড়ে ১১টার মধ্যে প্রতিটি দাবির বিষয়ে সিদ্ধান্ত ও বাস্তবায়ন পরিকল্পনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাক্ষরসহ বিভাগীয় প্যাডে দেওয়ার কথা ছিল।

কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও সেই লিখিত প্রতিশ্রুতি না পাওয়ায় আন্দোলন থেকে সরে আসেননি শিক্ষার্থীরা। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত জবাব না পাওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। পরবর্তী পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ও যৌক্তিক কর্মসূচিও নেওয়া হতে পারে।

এদিকে, শিক্ষার্থীদের ১১ দফা দাবি নিয়ে বিভাগের শিক্ষকদের একাংশের মধ্যে আলোচনা চলছে বলে জানা গেছে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice